পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ১২ আগস্ট ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।
ব্যাংকটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে সিআরআইএসএল।
২০০০ সালে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮৬ কোটি টাকা। মোট শেয়ারের উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৭০ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৭ দশমিক ৮৮, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক শূন্য ৪ ও বাকি ২৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল সাউথইস্ট ব্যাংকের শেয়ার সর্বশেষ ১০ টাকা ১০০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ও ১৩ টাকা ৩০ পয়সা।










