সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ। এর আগে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৯০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২২ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৬৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। 

ডিএসইতে বৃহস্পতিবার এসআইবিএল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭ টাকা ১০ পয়সা ও ১২ টাকা ২০ পয়সা।