পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি ও অধিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেয়া হয়। গতকাল এ বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে ব্যাংকটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ইসলামী ব্যাংকের শেয়ারদর ৯ সেপ্টেম্বর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। এর পর থেকে ব্যাংকটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল ব্যাংকটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা ৪০ পয়সায়।