সম্মানিত শেয়ারহোল্ডার একজন প্রবীণ ও বিদগ্ধ ব্যক্তিত্ব। তাঁর প্রায় সব কথাই ঠিক। এসব প্রশ্ন থাকতেই পারে, উঠতেই পারে। কোনো নির্দিষ্ট ব্যাংক আমরা কীভাবে ও কী প্রক্রিয়ায় অধিগ্রহণ করবো বা কীভাবে সেটা আমাদের সঙ্গে একীভূত হবে, সেসবের ব্যাখ্যা দেবার সময় বা সুযোগ এখনও আসেনি। 

সিটি ব্যাংক ও বেসিক ব্যাংকের মার্জার : আবু আহমেদ-এর নিবন্ধ

তবে প্রতিটা আর্থিক সূচকে সিটি ব্যাংক ভালো শুধু ২০২৩-এ হয়েছে, ওনার এই কথাটা সঠিক নয়। বেশ কয়েক বছর ধরেই এ সূচকগুলোয় সিটি ব্যাংক ভাল করে যাচ্ছে। বণিক বার্তা পত্রিকাই তো দেশের ব্যাংকগুলোর সব সূচক নিয়ে কাজ করে। তাদের সেরা ৪-৫ ব্যাংক রেটিংয়েই তো আমরা এসেছি ৪ বা ৫ বার।

অধ্যাপক আবু আহমেদ তার নিবন্ধে আরো বলেছেন, ‘আমি নিজে হতাশ হলাম এবং মনঃক্ষুণ্ণ হলাম এই ভেবে যে, এ ধরনের একটা সংবাদ বাজারে এলে সিটি ব্যাংকের শেয়ারমূল্যে কী প্রভাব পড়তে পারে তা কি ব্যাংক ম্যানেজমেন্ট একবারও ভেবে দেখেছে?’ 

সম্মানিত শেয়ারহোল্ডারের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, খবরটি আমরা বাজারে ছাড়িনি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত একটি বৈঠকের বরাত দিয়ে "কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা যায়" এবং "নাম প্রকাশে অনিচ্ছুক বেসিক ব্যাংকের একজন পরিচালক জানান" মর্মে  গণমাধ্যমগুলোয় এ সংবাদ প্রথম প্রকাশ হয়। 

সিটি ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য-বিবৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়নি।