ডিম পাড়ে, দুধ দেয় কিন্তু স্তন নেই! পৃথিবীর সবচেয়ে অদ্ভুত স্তন্যপায়ী বলে পরিচিত প্ল্যাটিপাস ও ইকিডনার বিবর্তনের সঙ্গে মিলিয়ে এবার নতুন এক জানালার সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ১০ কোটি বছর আগের একটি জীবাশ্মের হাড় বিশ্লেষণ করে তারা বলছেন, এ প্রাণীগুলোর পূর্বপুরুষ আধা-পানিতে বাস করত।
অস্ট্রেলিয়া ও নিউগিনিতে পাওয়া প্ল্যাটিপাস ও ইকিডনা একমাত্র ডিম পাড়া স্তন্যপায়ী, যাদের মনোট্রিম বলা হয়। দীর্ঘদিন ধরেই এদের অদ্ভুত শারীরিক গঠন ও আচরণ গবেষকদের কৌতূহলের বিষয় ছিল। প্ল্যাটিপাসের মতো চ্যাপ্টা ঠোঁট, জালযুক্ত পা আবার বীভরের মতো লেজ। তবে ইকিডনা পুরোপুরি স্থলজ প্রাণী। এদের শরীর কাটাযুক্ত ও এর পা পেছনের দিকে ঘোরানো, যা মাটি খোঁড়ার কাজে লাগে।
সম্প্রতি ‘ক্রাইরোরিকটিস ক্যাডবুরি’ নামে ১০ কোটি বছরের পুরনো একটি মনোট্রিম জীবাশ্মের হিউমারাস বা বাহুর ওপরের হাড় স্ক্যান করেছেন বিজ্ঞানীরা। এতে দেখা যায়, এ গোত্রীয় প্রাণীদের হাড়ের গঠন আধা-পানির প্রাণীর মতো— ত্বকের দেয়াল মোটা ও কেন্দ্রীয় গহ্বর ছোট। এই গঠন পানিতে ভারসাম্য রাখতে সহায়তা করে, যা প্ল্যাটিপাসের সঙ্গে মিলে যায়।
গবেষকেরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে প্ল্যাটিপাস ও ইকিডনার পূর্বপুরুষ সম্ভবত জলজ পরিবেশেই থাকত। পরে ইকিডনা স্থলজ জীবে রূপ নেয়। ইকিডনার পেছনের পা উল্টো হয়ে যাওয়ার জটিল গঠনও এ বিবর্তনের ব্যাখ্যা দিতে সাহায্য করছে। ধারণা করা হচ্ছে, সেই পা-ই এক সময় পানির নিচে ‘রাডার’ হিসেবে কাজ করত।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের প্রাণিবিদ্যা গবেষক দলের মতে, এ ধরনের তথ্য ছাড়া স্তন্যপায়ীর বিবর্তনের অনেক দিকই অজানা থেকে যেত। আর মনোট্রিমরা তো যেন জীবন্ত ফসিল, যারা আমাদের নিজেদের শেকড়ের দিকে নিয়ে যায়! —সিএনএন









