প্রযুক্তির হাত ধরে সময় বদলায়, বদলায় জীবন ব্যবস্থাও। ২০০০ সাল থেকে সেরা উদ্ভাবনের তালিকা করে আসছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালে সেরা উদ্ভাবনের তালিকা করার পাশাপাশি নতুন অধ্যায় শুরু করেছে তারা। ‘বেস্ট ইনভেনশনস হল অব ফেম’- গত ২৫ বছরের আইকনিক সব উদ্ভাবন জায়গা পেয়েছে এ তালিকায়। যার মাধ্যমে ২৫ বছরে মানুষের কল্পনা, চিন্তা ও বিজ্ঞানের অগ্রগতির ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে।
গত ২৫ বছরের আইকনিক উদ্ভাবনগুলোকে পাঁচ পর্বের আজ শেষ পর্ব—
২০২৩: ‘স্ফিয়ার’
২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উদ্বোধন হয় বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর বিনোদন কেন্দ্র স্ফিয়ার। আধুনিক স্থাপত্য ও ডিজিটাল ভিজ্যুয়াল প্রযুক্তির এ বিনোদন কেন্দ্রে নির্মাণে ব্যয় হয়েছে ২৩০ কোটি ডলার। এর ভেতরে রয়েছে ১ লাখ ৬০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বাঁকানো স্ক্রিন ও সর্বাধুনিক সাউন্ড সিস্টেম।
৩৬৬ ফুট উঁচু এ স্থাপনাটিকে ২০২৩ সালের অন্যতম সেরা উদ্ভাবন হিসেবে অন্তর্ভুক্ত করে টাইম ম্যাগাজিন লিখেছিল, এর বাইরের অংশ পৃথিবীর সবচেয়ে বড় এলইডি স্ক্রিন—যেখানে ১২ লাখ ৩০ হাজার আলোক-ডট (পাক) একত্রে এমনভাবে কাজ করে যে এটি মুহূর্তেই একটি বল, একটি গ্রহ বা যেকোনো আকৃতিতে রূপ নিতে পারে।
২০২৪ সালে বিলবোর্ড জানায়, স্ফিয়ার ছিল বছরের সর্বাধিক আয় করা কনসার্ট ভেন্যু। টিকিট বিক্রি থেকে এখানে আয় হয়েছিল ৪২ কোটি ডলার।
২০২৩: ওপেনএআই চ্যাটজিপিটি-৪
২০২২ সালে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। মাত্র দুই মাসের মধ্যেই এ চ্যাটবট ১০ কোটি মাসিক সাবস্ক্রাইবার অর্জন করে। ২০২৩ সালের মার্চ মাসে ওপেনএআই প্রকাশ করে এর উন্নত সংস্করণ চ্যাটজিপিটি-৪।
সে বছরের টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবন তালিকায় জায়গা করে নেয় চ্যাটজিপিটি-৪। এ চ্যাটবটের অসাধারণ সক্ষমতা কেবল প্রযুক্তি জগৎকেই নয়, বৈশ্বিক অর্থনীতি ও শেয়ারবাজারকেও নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। এর বিশ্লেষণক্ষমতা, ভাষা-অনুবাদ, সৃজনশীল লেখা ও সিদ্ধান্ত সহায়তার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
২০২৩: নোভো নরডিস্কের সেমাগ্লুটাইডস
২০২৩ সালে ইউরোপীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান নোভো নরডিস্ক তাদের সেমাগ্লুটাইডভিত্তিক ওষুধ ওজেম্পিক, ওয়েগোভিভি, রাইবেলসাস-এর মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। মূলত টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তৈরি এ ওষুধগুলো শুধু রক্তে শর্করার মাত্রা কমায় না, বরং আগের যেকোনো ওষুধের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে ওজনও কমাতে সাহায্য করে।
টাইম ম্যাগাজিন ২০২৩ সালের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে এই ওষুধগুলোকে স্বীকৃতি দিয়ে লিখেছিল, আংশিকভাবে ওজন কমিয়ে সেমাগ্লুটাইডস শরীরে ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে সাম্প্রতিক বছরগুলোয় ওজন হ্রাসের কার্যকারিতাই ওষুধগুলোকে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রেসক্রিপশন পণ্যে পরিণত করেছে।
২০২৫: ‘ডাবল নিউরাল বাইপাস’
২০২৪ সালে চিকিৎসা প্রযুক্তির ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায় রচনা করেছে নর্থওয়েল হেলথের গবেষক দল। ডাবল নিউরাল বাইপাস নামের এ প্রযুক্তি মস্তিষ্ক ও শরীরের মধ্যে নতুন যোগাযোগ স্থাপন করে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নড়াচড়া ও অনুভূতির ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে।
টাইম ম্যাগাজিন ২০২৪ সালের সেরা উদ্ভাবনগুলোর তালিকায় প্রযুক্তিটিকে অন্তর্ভুক্ত করে লিখেছে, গত বছর এক অভূতপূর্ব অস্ত্রোপচারে বিজ্ঞানীরা রোগীর মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করেন। যা রোগীর চিন্তার সঙ্গে হাত ও বাহুর নড়াচড়ার অনুভূতি ফিরিয়ে দিচ্ছে। ‘ডাবল বাইপাস’—এক দ্বিমুখী সংযোগ, যার মাধ্যমে সিগন্যাল মস্তিষ্ক ও শরীরের মধ্যে দুই দিকেই প্রবাহিত হয়।
‘ডাবল নিউরাল বাইপাস’ কেবল পক্ষাঘাত চিকিৎসার এক নতুন দিক নয়; এটি মানুষ ও মেশিনের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের পথে এক বড় পদক্ষেপ। ভবিষ্যতে এ প্রযুক্তি মেরুদণ্ডের আঘাত, স্নায়ু ক্ষতি ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় চিকিৎসা জগতে বিপ্লব আনতে পারে।










