১৯৭২ সালের ২৯ নভেম্বর। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের এক উঁচু ভবনে আগুন লাগে। ১৫তলার একটি বিউটি স্যালনে আটকে পড়েন পাঁচ নারী। দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় আগুন থেকে বাঁচতে তারা পাশের ছয় তলা ভবনের ছাদে ঝাঁপ দেয়ার সিদ্ধান্ত নেন। একে একে তারা সবাই লাফ দেন, কিন্তু চারজনই প্রাণ হারান।

এই ঘটনার সময় একই শহরে বাস করছিলেন ৪৬ বছরের প্রকৌশলী জন টি স্কারলক। ঘটনাটি স্কারলকের মনে গভীর দাগ কাটে। তিনি এমন একটি জিনিস তৈরি করতে চাইলেন, যা মানুষকে উঁচু থেকে পড়লে নিরাপদ অবতরণ নিশ্চিত করবে। এই ভাবনা থেকেই তিনি তার ছেলেদের ওপর কিছু পরীক্ষা চালানো শুরু করেন।

প্রথমে অফিস ভবনের ছাদ থেকে ভারী ভিনাইলের রোল ফেলে পরীক্ষা চালান স্কারলক। এরপর কুশনটি যথেষ্ট নিরাপদ মনে হলে নিজের ছেলেদের দিয়েই ছাদ থেকে লাফিয়ে পরীক্ষা করান। এখন ৬৬ বছর বয়সী জেফ স্কারলক সেই সময়ের কথা মনে করে বলেন, তাদের বয়স তখন ১০ থেকে ১৪ বছর। পুরো ব্যাপারটি রোমাঞ্চকর ছিল।

এই নিরাপত্তা কুশনের ধারণা আসে স্কারলকের আগের একটি উদ্ভাবন থেকে, যা আমরা চিনি বাউন্সি ক্যাসেল বা স্পেস ওয়াক নামে। ১৯৬১ সালে স্কারলক নাসার নিউ অরলিন্স ফ্যাসিলিটিতে কাজ শুরু করেন। সে সময় নাসার প্রকল্পগুলোর মধ্যে ছিল মহাকাশে মানুষের থাকার মতো ফোলানো স্টেশন বানানো।

b32cea35-9b84-4161-a2f6-4a1cf22a4b37

বাউন্সি ক্যাসেলের উদ্ভাবক জন টি. স্কারলক ও তার স্ত্রী ফ্রান্সিস

সেই ধারণা থেকেই স্কারলক নিজের গ্যারেজে ভারী ভিনাইল সেলাই করে বড়সড় একটি বাউন্সিং পিলো বানান। ছেলেরা সেটি নিয়ে খেলতে শুরু করলে সেটি দ্রুত পাড়ার আকর্ষণ হয়ে ওঠে। তার স্ত্রী ফ্রান্সিস সেটিকে ব্যবসায় রূপান্তর করার পরামর্শ দেন। পরে ১৯৬৮ সালে তারা এটি মেলায় বিক্রি শুরু করেন।

প্রথম দিকে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় এক কার্নিভাল কর্মী মারা যাওয়ার পর তাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। এরপর স্কারলক নকশায় পরিবর্তন আনেন। তাতে যুক্ত করা হয় দেয়াল, জাল ও ছাদ। যা এটিকে আগের চেয়ে বেশ খানিকটা নিরাপদ করে তোলে। পরে ১৯৭২ সালে তারা নতুন কোম্পানি 'স্পেস ওয়াক ইনফ্ল্যাটেবলস' চালু করেন।

এরপর থেকে এই নিরাপত্তা কুশন ব্যবহার করা হয়েছে বহু দেশে, আগুন বা আত্মহত্যার পরিস্থিতিতে জীবন বাঁচাতে। এখনো এটি ২০ তলা পর্যন্ত ঝুঁকি নিতে পারে। স্কারলকের ছেলে ও নাতি বর্তমানে এই কোম্পানি চালাচ্ছেন। আর মানুষকে নিরাপদ রাখার সেই স্বপ্ন এখনো বেঁচে আছে।

—আল জাজিরা থেকে