নিউ মেক্সিকোর ছোট এক শহরে নিলামে ১৮৮০ এর দশকে তৈরি এক জোড়া লিভাইস জিন্স ৮৭ হাজার ডলারেরও বেশি দাম পেয়েছে। চমকপ্রদ বিষয় হলো, এই জিন্স পাওয়া গিয়েছে পরিত্যক্ত খনিতে। খবর সিএনএন।

এক ‘ডেনিম প্রত্মতত্ত্ববিদ’ জিন্স দুটি সংগ্রহ করে নিলামে তোলেন। যা কিনেছেন ২৩ বছর বয়সী কাইল হাউটনার ও ভিনটেজ ডেনিমে অভিজ্ঞ জিপ স্টিভেনসন।

নিলামে জিন্স জোড়ার দাম উঠে ৮৭ হাজার ৪০০ ডলার। যা এখন পর্যন্ত ডেনিমের জন্য দেয়া অন্যতম সর্বোচ্চ দাম।

স্টিভেনসন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তিন দশক ধরে ডেনিম রিপায়ারিংয়ের দোকান চালান। কিন্তু এতদিনের অভিজ্ঞতায় কখনো এমন ডেনিম দেখেননি। তিনি বলছিলেন, এই জিন্স খুবই বিরল। দীর্ঘদিন খুঁজেও আমেরিকার খনিতে এমন কিছু পাননি।

এই ডেনিম বর্তমানে মাত্র কয়েক জোড়া পাওয়া যায়, তবে সেগুলো জাদুঘরে রাখা বা পরার মতো অবস্থায় নেই। কিন্তু নিউ মেক্সিকোতে পাওয়া ডেনিম সম্পর্কে স্টিভেনসন জানান, আশ্চর্যজনকভাবে এগুলো টেকসই। কিছু জায়গায় হালকা দাগ থাকলেও এখনো পরা যাবে। সহজে কল্পনা করতে পারবেন জনি ডেপ বা জেসন মোমোয়ার মতো তারকারা এগুলো পরছে।

মেক্সিকোর ছোট অজটেক শহরে চারদিনের ডেনিম উৎসবের আয়োজন করেন বিশেষজ্ঞ ব্রিট ইটন। তিনি বলেন, আমি সিকি শতাব্দি ধরে ব্যবসা করছি। গড়ে একটি ভিনটেজ জিন্সের দাম পড়ে ১০০ ডলার। কিন্তু এই ধরনের মূল্যবান জোড়া জীবনে একবার মেলে।

দামি এই ডেনিম নিয়ে স্টিভেনসন কী করবেন? আরো বেশি দামে বিক্রি বা জাদুঘরের প্রদর্শনীতে রাখতে পারেন। তবে আপাতত তার লস অ্যাঞ্জেলসের ডেনিম ডক্টরস স্টোরের ডিপোজিট বক্সে কড়া নিরাপত্তায় থাকবে এই লিভাইস জোড়া। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়া থাকলে আগ্রহীরা এক ঝলক দেখে নিতেও পারবেন।