ফিলিপাইনের টাগালগ ভাষা থেকে আসা গিগিল শব্দটি আদুরে অনুভূতির এক তীব্র অবস্থাকে বোঝায়। এই তীব্রতার শারীরিক বহিঃপ্রকাশ হিসেবে আমরা আমাদের হাত শক্তভাবে চেপে ধরি, দাঁত চেপে ধরি বা আলতো স্পর্শ করতে প্ররোচিত হই। এতদিন ইংরেজিতে এই অনুভূতির সরাসরি কোনো প্রতিশব্দ ছিল না। কিন্তু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুবাদ অযোগ্য আরো কিছু শব্দের সঙ্গে গিগিল শব্দটিকেও অন্তর্ভুক্ত করেছে।

ভাষা পরিবর্তনশীল, আর সময়ের সঙ্গে তা আরো বৈচিত্র্যময় হয়ে ওঠে। অক্সফোর্ড ডিকশনারির সাম্প্রতিক আপডেটে যুক্ত হওয়া শব্দগুলোও বিশ্বের বিভিন্ন সংস্কৃতির ভাষাগত বহুমাত্রিকতাকে তুলে ধরে। যেমন— মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সাধারণ বিস্ময় প্রকাশের শব্দ ‘আলামাক’ এই তালিকায় জায়গা করে নিয়েছে।

ওইডির সম্পাদকরা বলছেন, গাছের পাতার ফাঁক গলে সূর্যের আলো পড়ার জন্য কি ইংরেজিতে কোনো নির্দিষ্ট শব্দ থাকা উচিত নয়? অথবা ঘরের বাইরে বসে বিয়ার পান করার অনিন্দ্য অনুভূতি কি নিঃশব্দই থেকে যাবে?

বহু ভাষাভাষী মানুষ এ ধরনের অভিব্যক্তির জন্য নিজের ভাষার বিশেষ শব্দ ব্যবহার করেন, যা ধীরে ধীরে তাদের দৈনন্দিন কথোপকথনের অংশ হয়ে ওঠে। আর যখন এই শব্দগুলোর ব্যবহার ব্যাপক হয়ে যায়, তখন এগুলো ভাষাগত দুনিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে।

ওইডিতে অন্তর্ভুক্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নতুন শব্দগুলোর মধ্যে বেশির ভাগই খাবারের নাম, যা এই দেশগুলোর খাদ্যসংস্কৃতির প্রতি প্রবল আকর্ষণের পরিচায়ক। নতুন যুক্ত শব্দগুলোর মধ্যে রয়েছে—

কায়া টোস্ট—একটি জনপ্রিয় খাবার, যেখানে টোস্ট করা পাউরুটির ওপর নারকেলের দুধ, ডিম, চিনি ও পান্ডান পাতার মিশ্রণে তৈরি সুস্বাদু জেলি দেয়া হয়।

ফিশ হেড কারি—চীন ও দক্ষিণ ভারতীয় রান্নার সংমিশ্রণে তৈরি একটি পদ, যেখানে বড় মাছের মাথা তেঁতুল দিয়ে রান্না করা হয়।

স্টিমবোট—এটাও এক ধরনের খাবার, যেখানে পাতলা কাটা মাংস ও শাকসবজি ধীরে ধীরে ফুটতে থাকা স্যুপের মধ্যে রান্না করা হয়।

ওইডির সম্পাদকরা বলছেন, এই সব খাবারের আলোচনা হয়তো কাউকে খাবার কিনতে অনুপ্রাণিত করতে পারে, অর্থাৎ ‘টাপাও’ করতে" পারে। ‘টাপাও’ শব্দটি মান্দারিন ও ক্যান্টোনিজ উপভাষা থেকে এসেছে, যার অর্থ প্যাক করা বা মোড়ানো খাবার নিয়ে যাওয়া।

গিগিল ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু নতুন শব্দ এবার ওইডিতে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—

ভিডিওকে—ফিলিপাইনের নিজস্ব কারাওকে সংস্করণ, যেখানে গান গাওয়ার পাশাপাশি স্কোরিং সিস্টেমও রয়েছে।

সলাকট—এক ধরনের প্রশস্ত কিনারাযুক্ত হালকা ওজনের টুপি, যা সাধারণত কৃষকরা ব্যবহার করেন।

এছাড়াও, কিছু ইংরেজি শব্দ ফিলিপাইনে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন— ‘টেরর’ শব্দটি সাধারণত ভয়ংকর কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু ফিলিপাইনে এটি কঠোর বা কড়া শিক্ষকদের বর্ণনা করতে ব্যবহৃত হয়।

বর্তমানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ছয় লাখের বেশি শব্দ রয়েছে, যা এটিকে ইংরেজি ভাষার অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ অভিধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতি বছরই ওইডির সম্পাদকরা হাজার হাজার নতুন শব্দ নিয়ে গবেষণা করেন। শব্দগুলো তারা নিজস্ব গবেষণা, জনসাধারণের সাজেশন, এবং ভাষাগত তথ্যভাণ্ডারের বিশ্লেষণ করেই পেয়ে থাকেন।