আগুনে পুড়ে যাওয়া একটি ফেরারি গাড়ি নিলামে প্রায় ১৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। গত ১৬ থেকে ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওই নিলাম আয়োজন করে বিখ্যাত নিলাম হাউজ ‘সোথবি’ । বিক্রি হওয়া গাড়িটি ‘৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ আই’ মডেলের।

গাড়িটির বিক্রয়মূল্য কিছুটা বিস্ময়কর হলেও এর ইতিহাস গাড়িটিকে অনন্য করে তুলেছে। ১৯৫২ এবং ১৯৫৩ সালে এই একই ডিজাইনের গাড়ি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল ফেরারি। এ কারণে গাড়টিকে ‘মন্ডিয়াল’ বা ‘ওয়ার্ল্ড’ নামে ডাকা হয়।

রেসের জন্য বিশেষভাবে উপযোগী ৪ সিলিন্ডার বিশিষ্ট গাড়িটির ডিজাইন করেছিল বিখ্যাত ইতালিয়ান প্রতিষ্ঠান ‘পিনিন ফারিনা’। ১৯৫৪ সালে ফ্রাঙ্কো কর্টেস গাড়িটি কেনেন, যিনি এর আগে ফেরারি মডেলের গাড়ি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ১৯৫৮ সালে গাড়িটিকে যুক্তরাষ্ট্র পাঠানোর আগে বাহ্যিক নকশায় পরিবর্তন এনে সম্পূর্ণ নতুন রূপ দেয়া হয়।

১৯৬০ সালে একটি রেসে অংশ নিতে গিয়ে গাড়িটি বিধ্বস্ত হয় এবং পুড়ে যায়। পরবর্তী কয়েক দশক গাড়িটি কোথায় ছিল জানা যায়নি। তবে এর ইঞ্জিন পরিবর্তন করা হয়েছিল। ফেরারি গাড়ি সংগ্রাহক ওয়ালটর মেলডিন ১৯৭৪ সালে গাড়িটি ক্রয় করেন। এরপর প্রায় ৪৫ বছর গাড়িটি তার সংগ্রহশালায় ছিল।

গাড়িটির নতুন ক্রেতা জানিয়েছেন, তিনি গাড়িটিকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিতে চান যাতে এটি পুনরায় প্রতিযোগিতায় অংশ নিতে পারে।