প্রতিবাদের ভাষা হরেক রকম। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে গতকাল শুক্রবার তেমন অদ্ভুত ভাষায় প্রতিবাদ জানালেন পরিবেশবাদীরা। বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যানগগের আলোচিত চিত্রকর্ম ‘সানফ্লাওয়ার্স’-এর ওপর টমেটোর স্যুপ ছুড়ে দেন দুই তরুণী।
এক প্রতিবেদনে সিএনএন জানায়, জীবাশ্ম জ্বালানি-বিরোধী সংগঠন জাস্ট স্টপ অয়েলের (জেএসও) সদস্য তারা।
১৮৮৮ সালে আঁকা ভ্যানগগের চিত্রকর্মটির আনুমানিক মূল্য ৮ কোটি ৪২ লাখ ডলার। রাখা হয়েছিল গ্যালারির ৪৩ নম্বর কক্ষে। সুরক্ষিত স্থান হলেও আন্দোলনকারীদের সেখানে যেতে বেগ পেতে হয়নি।
এই কাণ্ডে ফ্রেম কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল চিত্রকর্ম অক্ষত অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দুই আন্দোলনকারীকে হেফাজতে নিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বিজ্ঞানী ও পরিবেশবাদীরা নানা উপায়ে এর ব্যবহার বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের মতে. বিশ্ব নেতারা এই ব্যাপারে ভ্রুক্ষেপহীন।
জাস্ট স্টপ অয়েল সংস্থাটিও বেশ লম্বা সময় ধরে জলবায়ু সুরক্ষার স্বার্থে যুক্তরাজ্য সরকারের কাছে তেল ও গ্যাসের লাইসেন্সের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্যই সংস্থার দুই সদস্য টমেটো স্যুপ নিক্ষেপ করেছে।
এর আগে গত জুলাই মাসে সংস্থার সদস্যরা লন্ডনের রয়েল একাডেমিতে আরেক মাস্টার পেইন্টার লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ স্পর্শ প্রতিবাদ করে। নিচে লিখে দেয় ‘নো নিউ অয়েল’।
একই মাসে ইতালির কয়েকজন পরিবেশবাদী আন্দোলনকারী ফ্লোরেন্সে বত্তিচেল্লির চিত্রকর্ম ‘প্রিমাভেরা’র সামনে প্রতিবাদ জানান। গত রোববার একই ঘটনা ঘটে মেলবোর্নে ন্যাশনাল গ্যালারিতে ঠাঁই পাওয়া পাবলো পিকাসোর ‘ম্যাসাকার ইন কোরিয়া’ চিত্রকর্মকে ঘিরে।









