পেরুর উপকূলীয় অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা ৫ হাজার বছরের পুরনো এক নারীর দেহাবশেষ আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রাচীন কারাল সভ্যতার অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। খবর রয়টার্স।

কারাল শহরকে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাচীনতম শহর হিসেবে ধারণা করা হয়। লিমা থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত এ শহরটি প্রাচীন মিশরীয়, চীনা ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক ছিল। তবে গবেষকরা বলছেন, শহরটি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক অঞ্চল।

বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে প্রত্নতত্ববিদ ডেভিড পালোমিনো বলেন, ‘সমাধিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা একজন উচ্চপদস্থ নারীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

পেরুতে মিলল ৫ হাজার বছর পুরোনো অভিজাত নারীর দেহাবশেষ (1)

গবেষণায় ব্যস্ত প্রত্নতাত্ত্বিকরা ছবি: রয়টার্স

ডেভিড পালোমিনো বলেন, ‘আনুমানিক ২০ থেকে ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করা এ নারীর দেহ নীল ও বাদামী রঙের পালকের আচ্ছাদনে মোড়ানো ছিল। এটি সম্ভবত ম্যাকাওয়ের মতো আমাজনীয় পাখির পালক থেকে তৈরি। সমাধির চারপাশে ঝুড়ি, ফুলদানি, লাউ ও একটি টুকান পাখির ঠোঁট পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘সম্ভবত এ সভ্যতায় কেবল পুরুষেরাই গুরুত্বপূর্ণ ছিল না। নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।’