গ্রাম বাংলায় কৃষিপণ্য পরিবহন ও দূরের যাত্রায় এক সময় অপরিহার্য বাহন ছিল গরুর গাড়ি। ফলে বাংলার সংস্কৃতিতে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে আছে গরুর গাড়ি। উত্তরবঙ্গের ভাওইয়া গানের কথা ও সুর এই বাহনকেন্দ্রিক। গরুর গাড়িকেন্দ্রিক গান, প্রবাদ প্রবচনের পাশাপাশি বাংলার বিনোদনের অন্যতম উৎস হিসেবে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও যুক্ত হয়েছে অনেক আগেই। বিরাট আয়োজন ও রোমাঞ্চকর খেলার মধ্যে এটি অন্যতম। এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তবে এখনো দেশের কয়েকটি জেলার নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই প্রস্তুতি চলে প্রতিযোগীদের। ঝিনাইদহসহ আশপাশের জেলা থেকে দর্শকের ঢল নেমেছিল মাঠে। দুপুরের পর শুরু হয় প্রতিযোগিতা। ৬টি সারিতে ১ কিলোমিটার স্প্রিন্টে এ খেলা হয়। রোমাঞ্চকর এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও। আসে নাগরদোলা, নানা পণ্য সামগ্রীর দোকান।
তবে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন না হওয়ার কারণে অনেকেই প্রথমবারের মতো এ খেলা দেখেছে। ঝিনাইদহ শহরের পবহাটি থেকে যাওয়া হাসান আলী নামের এক দর্শক বলেন, আমি জীবনের প্রথম এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখছি। দেখে আমি খুবই খুশি। কালীগঞ্জ থেকে আসার আরিফ মোল্লা নামের এক দর্শক বলেন, গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা হবে শুনে সকালেই বেতাই গ্রামে এসেছি। এখানে শুধু ঝিনাইদহ নই, আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার দর্শক এসেছে। এ যেন কৃষক ভাইদের এক মিলন মেলা।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, ও খুলনা থেকে মোট ৫৬টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের আমিরুল খান ও ২য় হয় যশোরের বাঘারপাড়ার মশিউর রহমানের গাড়ি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
ছয়টি সারিতে ১ কিলোমিটার স্প্রিন্টে দৌড় প্রতিযোগিতা হয়
ঝিনাইদহসহ আশপাশের কয়েকটি জেলার গাড়োয়ানরা অংশ নেন এ প্রতিযোগিতায়
বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক আসেন এ প্রতিযোগিতা দেখতে। অনেকে এ আয়োজনকে কৃষকের মিলনমেলা বলে বর্ণনা করেছেন
প্রথমবার আসা অনেক দর্শক এ প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার দাবি জানিয়েছেন
খেলা শেষে বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার
ভিডিওতে দেখুন:










