মরুভূমির বুকে শিল্প বিপ্লব! দিরিয়ার রাতের আকাশে যেন রঙের মেলা। বিখ্যাত নিলামঘর সদবি'সের প্রথম সৌদি নিলামে আরব শিল্পীদের তুলির আঁচড় স্বর্ণেরর দামে বিক্রি হলো। সেদিনের রাতটা শুধু নিলাম নয়, ছিল শিল্প আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন।
এদিকে ২৫০ আসনের এই খোলা মঞ্চে ৪৫ দেশের শিল্পপ্রেমীদের ভিড়। সবার চোখ আটকে ছিল আরব শিল্পীদের ক্যানভাসে। নিলামে মোট ১৭ দশমিক ২৮ মিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি হয়। ক্রেতাদের প্রায় এক-তৃতীয়াংশ ছিলেন সৌদি আরবের।

সৌদি আরবের দিরিয়ায় সদবি'সের নিলামে মনির শাহরুদি ফারমানফারমায়ানের শিল্পকর্মটি নজর কাড়ে দর্শক ও ক্রেতাদের
নিলামে ১২০টি ভিন্ন সামগ্রী ছিল, যার অর্ধেকই ছিল শিল্পকর্ম। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্মটি হলো সিরিয়ার শিল্পী লুয়াই কাইয়ালির আঁকা ‘দেন হোয়াট?’ (১৯৬৫)। এটি ৯ লাখ ডলারে বিক্রি হয়। এছাড়া সৌদি শিল্পী আবদুল হালিম রাদওয়ির ‘আনটাইটেলড’ (১৯৮৪) ২ দশমিক ৬৪ লাখ ডলারে বিক্রি হয়েছে।
এছাড়াও নিলামে বিলাসী ঘড়ি-গয়না, ডিজাইনার ব্যাগও ছিল। তবে মধ্যমণি ছিল শিল্প। রেনে মাগ্রিট, ফার্নান্দো বতেরো, ব্যাঙ্কসির মতো তারকারাও ছিলেন। কিন্তু বাজিমাত করেছিল স্থানীয় শিল্পীরা। সামিয়া হালাবির নীল রঙের মায়াজাল যেন দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।
সদবি'সের আশকান বাঘেস্তানি বললেন, এই নিলাম শুধু বিক্রি নয়। শিল্পের প্রতি ভালোবাসার এক নতুন যাত্রা। মরুভূমির বুকে শিল্পের এই জোয়ার যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
—সিএনএন










