ইংল্যান্ডের ইয়র্ক শহরের প্রাচীর রক্ষণাবেক্ষণে পর্যটকদের প্রতি অনুদান দেয়ার আহ্বান জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এজন্য প্রাচীরে অনুদান পয়েন্ট স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
ইয়র্ক কাউন্সিল সম্প্রতি একটি সভায় ছয় মাসের পরীক্ষামূলক কার্যক্রম অনুমোদন করেছে এবং আশা করছে যে এটির কাঠামোর উন্নতির জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করতে পারবে। খবর বিবিসি।
পরিকল্পনার মধ্যে বুথাম বারে দুটি ট্যাপ-টু-ডনেট পয়েন্ট স্থাপনের বিষয়টি রয়েছে, এজন্য দর্শকদের কাছে স্বল্প পরিমাণ অনুদান চাওয়া হবে।
কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক মুখপাত্র পিট কিলবানে বলেন, শহরে আনুমানিক ২৫ লাখ দর্শনার্থী আসেন। তাদের মধ্যে যদি ৫ শতাংশ দর্শনার্থী ৫ পাউন্ড করে অনুদান দেন, তবে প্রায় ৬ লাখ ২৫ হাজার পাউন্ড সংগ্রহ করা যাবে। যাতে রক্ষণাবেক্ষণের খরচের চেয়েও বেশি উঠে আসবে।










