ভোর রাতের নিস্তব্ধতা ভেঙে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদের আনাচে-কানাচে তখন অন্যরকম এক উত্তেজনা। ঘড়ির কাঁটা তখন ২০১৯ এর ১৪ সেপ্টেম্বর, ভোর ছুঁই ছুঁই করছে। কিন্তু কে জানত, এই প্রাসাদেই ঘটতে চলেছে এক অভাবনীয় কাণ্ড! প্রাসাদ থেকে চুরি হয় ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি কমোড। যার মূল্য প্রায় ৬ মিলিয়ন ডলার।
এটি ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের শিল্পকর্ম, যার নাম ‘আমেরিকা’। জানা যায়, ঐতিহাসিক এ চুরিটি করতে সর্বসাকুল্যে সময় লেগেছিল বড়জোর পাঁচ মিনিট!
তবে এই ‘আমেরিকা’ শুধুই একটি কমোড ছিল না। বরং এটি অতিরিক্ত সম্পদের প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করত। এটি একসময় নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শিত হয়। সে সময় এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধার দেয়ার প্রস্তাবও করা হয়েছিল।
শোনা যায়, এ চুরির নেপথ্যে ছিলেন মাইকেল জোন্স নামের এক ব্যক্তি। ঘটনার কয়েক সপ্তাহ আগে নাকি তিনি দুবার প্রাসাদ চত্বর ঘুরে দেখেন। আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ছবিও তোলেন। যেন এক দুঃসাহসিক অভিযানের ছক কষা হচ্ছিল নীরবে। তারপর এক ভোরে, দুটি গাড়ি নিয়ে এসে একদল লোক মিলে ভেঙে ফেলেন প্রাসাদের প্রবেশদ্বার।
অভিযোগ ওঠে, এ অমূল্য সম্পদ বেচে ফায়দা লোটার ফন্দি এঁটেছিলেন জেমস শিন নামের আরেকজন। তবে আদালতে ওঠা এই মামলায় অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। ব্লেনহেইম প্রাসাদের সেই স্বর্ণের কমোড চুরি রহস্য আজও যেন এক কৌতূহল জাগানো গল্প, যা হয়তো ভবিষ্যতে আরো অনেক প্রশ্নের জন্ম দেবে।
—সিএনএন










