বরিস জনসনের পদত্যাগের পরপরই তুমুল আলোচনায় আসেন ঋষি সুনাক। বংশসূত্রে দক্ষিণ এশীয় যোগ থাকায় জল্পনাও ছিল বেশি। সেই যাত্রায় তার শিকে ছিঁড়েনি। তবে মাত্র সাত সপ্তাহের ব্যবধানে তিনি পরিণত হলেন ব্রিটেনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্ষমতা ছাড়ার পর আজ মঙ্গলবার থেকে তিনি বসছেন ১০ নং ডাউনিং স্ট্রিটে।
সেই সঙ্গে ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সম্পত্তি রাজপরিবারের চাইতে বেশি হলো। প্রথমবারের মতো বাকিংহাম প্যালেসকে হটিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বিত্তশালী হচ্ছে।
ব্রিটেন বরাবরই অভিজাতদের দ্বারা শাসিত হয়েছে। কিন্তু সুনাককে কেবল অভিজাত বললে ভুল হবে। বিপুল সম্পত্তির মালিক এই সাবেক ব্যাংকার। ব্রিটেনের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। ভারতীয় বিলিয়নিয়ার এনআর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি তার স্ত্রী। দুজনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৭৩ কোটি পাউন্ড। অথচ মৃত্যুর আগে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ছিল ৩৭ কোটি পাউন্ড।
এ যুগলের অর্থের বড় একটা অংশ আসে অক্ষতা মূর্তির পিতার প্রতিষ্ঠিত টেক কোম্পানি ইনফোসিস থেকে। অক্ষতা নিজে একজন উদ্যোক্তা। কাটামারান ভেঞ্চার্স ইউকের মালিকানা ছাড়াও অন্তত ডজন খানেক কোম্পানিতে শেয়ার রয়েছে তার।
ঋষি ও অক্ষতা বরাবরই ঠাটবাট বজায় রেখে চলেন। ব্রিটেনে তাদের তিন-তিনটে বাড়ি। পশ্চিম লন্ডনের কেনসিংটনে পাঁচ বেডরুমের যে বাড়িতে সুনাক স্ত্রী আর দুই কন্যা কৃষ্ণা ও আনুশকাকে নিয়ে বসবাস করেন, তার দামই ৭০ লাখ পাউন্ডের বেশি।
ছুটির সময়টা তারা উপভোগ করেন নর্থ ইয়র্কশায়ারে। ২০ লাখ পাউন্ডের বেশি দামে কেনা এই বাড়িতে পরবর্তীতে সুইমিং পুল, জিম, ইয়োগা ও টেনিস কোর্ট যুক্ত করা হয়েছে ৪ লাখ পাউন্ড খরচ করে।
চলমান অর্থনৈতিক মন্দার সময়ে সুনাক যেন বেঁচে আছেন সম্পূর্ণ ভিন্ন গ্রহে। বিপুল সম্পত্তির বিপরীত একটি ঝোঁক তৈরি হয়েছে সুনাকের। কীভাবে?
তিনি বেড়ে উঠেছেন অভিজাত পরিবেশে। ২০০৭ সালে বিবিসির রিপোর্টে বলা হয়েছিল, শ্রমিক শ্রেণিতে সুনাকের কোন বন্ধু নেই। চলমান পরিস্থিতিতে ভোটারদের দুরবস্থা অনুভব করতে পারবেন সুনাক? সুনাকের সমর্থকেরা অবশ্য সন্দেহ আনতে নারাজ। ব্যক্তিগত সম্পদ না, খোদ ব্রিটেনের অর্থবিভাগের দায়িত্ব নিয়ে সুনাক সফলতা দেখিয়েছেন। ব্রিটেনের অর্থনীতি, বাজার ও মূল্যব্যবস্থায় এখন এমন কাউকে প্রয়োজন, যিনি চলমান পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবেন। সমর্থকদের ভাষায় সুনাকই সেই ব্যক্তি।
লিজ ট্রাসের ব্যর্থতার পর সুনাক এখন মনোযোগের কেন্দ্রবিন্দু। ব্রিটেনের দায়িত্ব যেহেতু পেয়েছেন এখন সুনাককেই প্রমাণ করতে হবে কী পারেন, আর কী পারেন না!
১৯৮০ সালে হ্যাম্পশায়ারারের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন সুনাক। অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে পড়াশোনা করেছেন ফিলোসফি, পলিটিক্স এন্ড ইকোনোমিক্স (পিপিই) নিয়ে। ২০০৬ সালে ফুলব্রাইট স্কলার হিসেবে স্ট্যানফোর্ড থেকে এমবিএ ডিগ্রি নেন।









