যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ) নামের নতুন এক দপ্তরের দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তবে শুরু থেকেই তার এ পদের বিরোধিতা করছেন কিছু মার্কিন নাগরিক। এমনকি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলেও নেমেছেন তারা। সম্প্রতি বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইওর বিরুদ্ধে বিক্ষোভ আরো তীব্র হয়েছে। ইউরোপের কিছু শহরেও তা ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরা।
শনিবার (২৯ মার্চ) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ২৭৭টি টেসলা শোরুম ও সার্ভিস সেন্টার ঘেরাও করার পরিকল্পনা নেয়া হয়। সেখানে বিক্ষোভকারীরা মাস্ক ও ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার হাতে উপস্থিত হন। ‘টেসলা টেকডাউন’ নামে সংগঠিত আন্দোলনে অংশ নিচ্ছে টেসলার গ্রাহক থেকে শুরু করে হলিউড অভিনেতা জন কুসাকসহ বেশ কয়েকজন তারকা ও ডালাসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জ্যাসমিন ক্রকেট।
উল্লেখ্য, সরকারের ব্যয় হ্রাস করতে ট্রাম্প প্রশাসন ডোজ বিভাগ খুলেছে। মাস্কের নেতৃত্বে ডোজ এরই মধ্যে এক লাখের বেশি ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি বেসামরিক ফেডারেল কর্মী রয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ইলন মাস্ক তার নতুন পদে থেকে সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার পেয়েছেন। এছাড়া বাজেট কমানোর নামে বিভিন্ন সরকারি সংস্থা বন্ধ করে দিচ্ছেন তিনি।
নিউ ইয়র্কের ম্যানহাটনে টেসলার একটি শোরুমের সামনে ৫০০ থেকে ১ হাজার মানুষ বিক্ষোভ করেছে, যেখানে আহ্বায়ক ছিল পরিবেশবাদী সংগঠন প্ল্যানেট ওভার প্রফিট। বিক্ষোভে অংশ নেয়া অ্যামি নেফিল্ড (৭০) নামের এক মনোবিজ্ঞানী এএফপিকে বলেন, আমি ইহুদি হওয়ায় ছোটবেলা থেকেই ফ্যাসিবাদের ভয়াবহতা সম্পর্কে জানি। ট্রাম্পের নির্বাচনের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
লন্ডনে দুই ডজনের বেশি বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে টেসলা ডিলারশিপের সামনে অবস্থান নেয়। শহরটির গাড়িচালকরা হর্ন বাজিয়ে সমর্থন জানান। একটি পোস্টারে মাস্কের ছবি ও নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছবি পাশাপাশি রাখা হয়। অন্য এক বিক্ষোভকারী ডাইনোসর টিরানোসরাস রেক্সের পোশাক পরে ‘নাৎসিদের পতন হয়েছে, কিন্তু মাস্ক বেঁচে আছে! টেসলা কিনবেন না!’ লেখা পোস্টার হাতে সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার ভোরে উত্তর-পশ্চিম জার্মানিতে সাতটি টেসলা গাড়ি পোড়ানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও এটি বিক্ষোভের অংশ ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এসব ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
২০ মার্চ টেসলার এক বৈঠকে মাস্ক এসব আক্রমণের নিন্দা জানিয়ে বলেন, তারা মানসিকভাবে অসুস্থ আচরণ করছে। মডেল ওয়াই আবারো বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ি হবে!










