ডেনমার্কের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সে সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এই আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলকে আরো ভালোভাবে সুরক্ষা দিতে পারবে। খবর বিবিসি।
শুক্রবার (২৮ মার্চ) গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটি পরিদর্শনকালে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা না করলেও নতুন নৌজাহাজসহ অতিরিক্ত সম্পদ বিনিয়োগ করবে।
তিনি বলেন, ডেনমার্ক আমাদের ঘাঁটি, আমাদের সেনাদের এবং আমার দৃষ্টিতে গ্রিনল্যান্ডের জনগণকে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের আগ্রাসন থেকে রক্ষা করতে যথেষ্ট কাজ করেনি।
ভ্যান্সের এই মন্তব্যে গ্রিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডরিক নিলসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সফর আমাদের প্রতি অসম্মানের ইঙ্গিত দেয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের মন্তব্য ভালোভাবে নেননি ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও। তিনি বলেন, আমরা বহু বছর ধরে কঠিন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে থেকেছি। তাই ভাইস প্রেসিডেন্টের মন্তব্য ন্যায়সঙ্গত নয়।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন স্বীকার করেন যে, তারা এ ইস্যুতে আরো বেশি কিছু করতে পারত, তবে তিনি যুক্তরাষ্ট্রকেও একই দায়িত্ব ভাগ করে নিতে বলেন।
এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ থাকতে হবে।
গ্রিনল্যান্ডের জনগণ স্পষ্টতই যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ লেখা টুপি পরে এবং ‘ইয়াঙ্কিস গো হোম’ ব্যানার হাতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে।
শুক্রবার, জেনস-ফ্রেডরিক নিলসেন বলেন, আমরা এখন চাপে আছি। এ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।










