গত সপ্তাহে মেক্সিকোতে টানা প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। আরো ৬৫ জন নিখোঁজ রয়েছেন বলে সোমবার সরকারি সূত্রে জানানো হয়েছে। খবর রয়টার্স।

গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপের প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলীয় এবং কেন্দ্রীয় রাজ্যগুলোর কিছু অংশ প্লাবিত হয়ে এ বিপর্যয় ঘটেছে। বৃষ্টিতে নদীগুলোর পানি উপচে পড়ে এবং একের পর এক ভূমিধসের কারণে এ বিপর্যয় ঘটেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সাংবাদিকদের বলেন, এই বৃষ্টিপাতের মাত্রা এতটা হবে, তা কেউ প্রত্যাশা করেনি। তিনি জানান, প্রাথমিক হিসাবে প্রায় এক লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস বলেন, উষ্ণ ও ঠান্ডা বায়ুর সংঘর্ষের ফলে নদী-নালা উপচে পড়েছে এবং পাহাড়ি এলাকায় মাসব্যাপী বৃষ্টির কারণে ভূমিধস তীব্র আকার নিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে হিদালগো ও ভেরাক্রুজ। জাতীয় সিভিল প্রটেকশন সমন্বয়ক লওরা ভেলাসকেজ জানান, শুধু ভেরাক্রুজে ২৯ জন নিহত ও ১৮ জন নিখোঁজ এবং হিদালগোতে ২১ জন নিহত ও ৪৩ জন নিখোঁজ হয়েছেন।

বন্যায় সেতু ও সড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা কাদায় ভর্তি রাস্তায় হেঁটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সরকারি সূত্র জানায়, প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে। পাশাপাশি বদ্ধ পানিতে ডেঙ্গুসহ পানিবাহিত রোগের বিস্তার রোধে বিশেষ নজরদারি চলছে।