যুক্তরাষ্ট্রের টেনেসির একটি গোলাবারুদ কারখানায় বড় ধরনের বিস্ফোরণের পর নিখোঁজ ১৬ জনেরই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার বিস্ফোরণটি হয়েছিল। খবর রয়টার্স।

হামফ্রেস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস শনিবার সন্ধ্যায় বলেন, নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেয়াই নিরাপদ। কর্তৃপক্ষ প্রথমে ১৮ জন মারা গেছেন বলে আশঙ্কা করেছিল। তবে ডেভিস জানিয়েছেন, বিস্ফোরণের সময় উপস্থিত থাকার কথা মনে করা দুই ব্যক্তিকে আসলে সাইটে পাওয়া যায়নি এবং তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে।

ন্যাশভিল থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে বাক্সনর্ট, টেনেসিতে অবস্থিত এই বিস্ফোরক প্ল্যান্টে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে এবং সেখান থেকে তখনো আগুন ও ধোঁয়া বের হচ্ছে, চারপাশের আধ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। প্ল্যান্টটির পরিচালনাকারী সংস্থা অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস (এইএস) তাদের কার্যক্রম স্থগিত করেছে।

শেরিফ ডেভিস শনিবার বলেছেন, শুক্রবার সকাল থেকে ৩০০ জনেরও বেশি রাজ্য ও স্থানীয় উদ্ধারকারী ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘এই ভবনের ভেতরে যারা ছিলেন, তাদের কেউই বেঁচে নেই ধরে নেয়া যায়।‘ তিনি আরো বলেন, ‘আমরা যত ভেতরে যাচ্ছি, ততই দেখছি যে প্রাথমিক ধারণার চেয়েও বিস্ফোরণটি বেশি মর্মান্তিক।‘

শনিবার সকালের মধ্যেই উদ্ধার অভিযানটি লাশ উদ্ধারের অভিযানে পরিণত হয়েছে। এফবিআই ঘটনাস্থলে দ্রুত ডিএনএ পরীক্ষা চালাচ্ছে নিহতদের শনাক্ত করে পরিবারকে খবর দেয়ার জন্য।

বিস্ফোরণের শব্দ প্রায় ২৫ কিলোমিটার দূরে থাকা বাসিন্দারাও শুনতে পেয়েছিলেন। প্ল্যান্টের কাছে বসবাসকারী জাস্টিন স্টোভার বলেন, বিস্ফোরণের পর তার ঘর প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। তিনি জানান, এইএস প্ল্যান্টটিতে প্রায় ৮০ জন কর্মী কাজ করতেন এবং এই ট্র্যাজেডি তাদের সবার জন্য খুবই কঠিন হবে।