বিগত তিন মাসে লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ৮৬৩ জন অনিয়মিত বাংলাদেশীকে ফ্লাইটযোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে।

  • মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ জন বাংলাদেশী নাগরিককে সফলভাবে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
  • ২০ এপ্রিল ২০২৬ তারিখে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তি (PCA) অনুস্বাক্ষরিত হয়, যা বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। চুক্তিটি রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা খাতে বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্ককে আরো সুসংহত করবে বলে আশা করা যায়।
  • বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। ১৪ মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে (Department of Energy) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
  • পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ সুবিধা, শিক্ষা, সংস্কৃতিসহ দ্বিপক্ষীয় সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে।