ফোল্ডেবল লাইনআপের পরবর্তী ফোন বাজারে আনছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। মঙ্গলবার উন্মুক্ত করা হবে মেট এক্স৬। খবর গিজচায়না।

হুয়াওয়ের অফিশিয়াল ই-কমার্স সাইট ভিমলে মেট এক্স৬-এর জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের আগ্রহ প্রকাশ পায় এবং প্রি-অর্ডার বা বিক্রি শুরু হলে তারা অগ্রাধিকার পান। সাইটটিতে যে টিজার ছবি দেয়া হয়েছে তাতে ফোনটির ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। মেট এক্স৩ ও মেট এক্স৫-এর মতো চারটি লেন্সযুক্ত একই বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে নতুন এ মডেলে। তবে টেলিফটো ক্যামেরার জন্য পেরিস্কোপ লেন্স আপডেট করা হয়েছে। সামগ্রিক ডিজাইনে আগের মডেল দুটির সঙ্গে মিল থাকলেও ক্যামেরা হাউজিংয়ে থাকছে কিছুটা পার্থক্য।

ছবিতে দেখা গেছে, ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফ্ল্যাট পাওয়ার বাটন রয়েছে। এর অর্থ, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। মেট এক্স৬ দুটি ডিজাইনের হতে পারে। যার একটি রেড লেদার ফিনিশ মেট এক্স৩ আলটিমেট সংস্করণ থেকে অনুপ্রাণিত। অন্যটি নেবুলা অ্যাশ গ্রে ভ্যারিয়েন্টটি মসৃণ গ্লাস ব্যাক স্পোর্ট ঘরানার। হুয়াওয়ের ভিমল সাইটে আরো তিনটি রঙের উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো কালো, সাদা ও নীল। ফলে গ্রাহকরা একাধিক অপশন থেকে তাদের পছন্দের ফোন বেছে নিতে পারবেন।

তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মেট এক্স৬-১২ জিবি (গিগাবাইট) র‍্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যামের সঙ্গে ১ টিবি (টেরাবাইট) স্টোরেজ।

মঙ্গলবার সকাল পর্যন্ত ফোনটির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে এর কয়েক ঘণ্টা পর থেকে। বিস্তারিত তথ্য ভিমল সাইটে পাওয়া যাবে। উল্লেখ্য একই দিনে হুয়াওয়ে মেট ৭০ সিরিজও উন্মোচন করা হবে। ফলে চলতি সপ্তাহ হুয়াওয়ে ফ্যানদের জন্য হতে চলেছে চমকের।