সম্প্রতি ফি নেয়ার বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ইউনিটি। আর এটি ডেভেলপারদের জন্য খুব একটা সুবিধার হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘোষণা অনুযায়ী, এখন থেকে ব্যবহারকারীরা গেম ডাউনলোড করলে প্রতিবারের জন্য ফি দিতে হবে। কোম্পানির এক ব্লগপোস্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এনগ্যাজেট।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিবার গেম ডাউনলোড করার সময় ইউনিটি রানটাইমও ইনস্টল হয়ে থাকে। এজন্য ফি গ্রহণের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ ফি আদায় কার্যকর হবে। গত ১২ মাসের মুনাফা ও লাইফটাইম ইনস্টল কাউন্টের ভিত্তিতে ডেভেলপারদের কাছ থেকে ফি নেয়া হবে। প্ল্যানের ভিত্তিতে ফি কত হবে তা নির্ধারণ করা হবে। ইউনিটি পার্সেনাল ও প্লাসের সাবস্ক্রাইবাররা প্রতি ইনস্টলের জন্য ২০ সেন্ট করে দেবে। তবে এজন্য ১২ মাসে মুনাফার পরিমাণ ২ লাখ ডলার এবং লাইফটাইম ইনস্টলের পরিমাণ ২ লাখ বার ছাড়াতে হবে।
অন্যদিকে ১২ মানে ১০ লাখ ডলার মুনাফা ও লাইফটাইম ইনস্টল শেষ হওয়ার পর প্রো মেম্বারদের ১৫ সেন্ট ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ১২৫ সেন্ট ফি দিতে হবে। কোম্পানির দাবি ফি দেয়ার আগে যেকোনো কোম্পানিকে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে। তবে ইউনিটির এ ঘোষণায় ডেভেলপার কমিউনিটি খুব একটা খুশি নয়। সাবেক টুইটার ও বর্তমান এক্সে দেয়া এক পোস্টে নিউফ্যাঙ্গলড গেমস ডিজাইনার হেনরি হফম্যান জানান, কেউ ইউনিটির গেম কিনে থাকলে দয়া করে ইনস্টল করবেন না।










