কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার বড় পরিসরে হার্ডওয়্যার খাতে নামতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক হারে অ্যাপলের অভিজ্ঞ প্রকৌশলী ও ডিজাইন বিশেষজ্ঞদের দলে ভেড়াচ্ছে। একই সঙ্গে অ্যাপলের সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করছে এআই প্রতিষ্ঠানটি। ২০২৬-২৭ সালের মধ্যে নিজেদের প্রথম হার্ডওয়্যার পণ্য বাজারে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই অ্যাপলের অভিজ্ঞ ডিজাইন ও উৎপাদন বিশেষজ্ঞদের ‘‌আকৃষ্ট’ করতে নানান সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছে। এসবের মধ্যে ১০ লাখ ডলার মূল্যের প্যাকেজও রয়েছে। এ নিয়োগ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ওপেনএআইয়ের প্রধান হার্ডওয়্যার কর্মকর্তা ট্যাং ট্যান, যিনি অ্যাপলে দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন এবং কোম্পানির হার্ডওয়্যারপ্রধান জন টারনাসের অধীনে দায়িত্ব পালন করেছেন।

শিল্প খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, ট্যান সম্ভাব্য কর্মীদের আশ্বস্ত করছেন, ওপেনএআইতে আমলাতান্ত্রিক জটিলতা নেই বললেই চলে। কাজের পরিবেশ অনেক বেশি সহযোগিতামূলক, যা অ্যাপলের কঠোর সংস্কৃতির সঙ্গে স্পষ্টভাবে বৈপরীত্য তৈরি করে। গত এক বছরে অ্যাপলের বেশ কিছু হার্ডওয়্যার বিশেষজ্ঞ ওপেনএআইয়ে যোগ দিয়েছেন।

হার্ডওয়্যার পরিকল্পনা বাস্তবায়নে ওপেনএআই অ্যাপলের কিছু গুরুত্বপূর্ণ সরবরাহকারীর সঙ্গে চুক্তি করেছে। চীনের লাক্সশেয়ার, যারা আইফোন ও এয়ারপড তৈরি করে, তারা অন্তত একটি ওপেনএআই ডিভাইস তৈরি করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এছাড়া হোমপড, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের যন্ত্রাংশ তৈরি করা কোম্পানি গোয়েরটেক থেকেও স্পিকার মডিউলসহ নানা উপকরণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে ওপেনএআই।

প্রতিবেদনগুলো বলছে, ওপেনএআই বর্তমানে কয়েকটি ডিভাইস তৈরি করছে। এর মধ্যে রয়েছে ডিসপ্লে ছাড়া স্মার্ট স্পিকার, স্মার্ট গ্লাস, ডিজিটাল ভয়েস রেকর্ডার ও একটি ওয়্যারেবল পিন। এসব পণ্য বাজারে এলে ওপেনএআইয়ের জন্য এটি হবে কনজিউমার হার্ডওয়্যারের জগতে বড় পদক্ষেপ, যেখানে এতদিন অ্যাপল, স্যামসাং ও গুগল প্রভাব বিস্তার করে এসেছে।

অন্যদিকে কর্মী হারানোর ঝুঁকি ঠেকাতে অ্যাপলও উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি সম্প্রতি তাদের সরবরাহ ও উৎপাদন দলের জন্য চীনে বার্ষিক অফসাইট বৈঠক বাতিল করেছে। ধারণা করা হচ্ছে, ওপেনএআইয়ের নিয়োগ তৎপরতার মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ কর্মীদের কুপারটিনোর কাছাকাছি রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

এরই মধ্যে কয়েকজন শীর্ষ অ্যাপল কর্মকর্তা ওপেনএআইয়ে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন সিরির রঙিন ওয়েভফর্মের ডিজাইনার সাইরাস ড্যানিয়েল ইরানি, অ্যাপলে প্রায় দুই দশক উৎপাদন নকশায় কাজ করা ম্যাট থিওবাল্ড ও অ্যাপল ওয়াচ হার্ডওয়্যার দলের সিনিয়র নির্বাহী এরিক ডি জং।

অ্যাপলের এসব কর্মীর প্রস্থান দুই কোম্পানির সম্পর্কে নতুন মাত্রা তৈরি করেছে। বর্তমানে অ্যাপল সিরি ও ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপের জন্য ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করছে। তবে ওপেনএআই যদি নিজস্ব ডিভাইস উন্মোচন করতে পারে, তাহলে এটি বিশ্ববাজারে অ্যাপলের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে।