রাশিয়ার দুটি অঞ্চলে টেলিগ্রাম মেসেঞ্জার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শত্রুপক্ষ অ্যাপটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, রাশিয়ার দাগেস্তান ও চেচনিয়া অঞ্চলে ইসলামপন্থী কার্যকলাপ বেড়েছে। দাগেস্তানের ডিজিটাল উন্নয়নমন্ত্রী ইউরি গামজাতোভর বরাতে টাস (টিএএসএস) বার্তা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই টেলিগ্রাম বন্ধ করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গামজাতোভ ২০২৩ সালের অক্টোবরে দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে দাঙ্গার কথা উল্লেখ করেন। সে সময় শত শত বিক্ষোভকারী একটি বিমানবন্দরে হামলা চালায়। তবে এতে কোনো যাত্রী আহত হয়নি। যদিও পরে এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ হামলার তথ্য ও উসকানিমূলক বার্তা টেলিগ্রামের স্থানীয় বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ে, যেখানে কিছু ব্যবহারকারী ইহুদিবিরোধী সহিংসতার ডাক দিয়েছিল। ঘটনার পর পরই টেলিগ্রাম কর্তৃপক্ষ হামলার নিন্দা জানায়। একই সঙ্গে ওইসব চ্যানেল ব্লক করারও ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
গামজাতোভ আরো জানিয়েছেন, ভবিষ্যতে টেলিগ্রাম আবারো চালু করা হতে পারে।
তবে তিনি আপাতত ব্যবহারকারীদের অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানান্তর হওয়ার জন্য উৎসাহিত করছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত রাশিয়ায় টেলিগ্রাম বন্ধের বিষয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। টেলিগ্রামের সদর দপ্তর দুবাইতে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ। বর্তমানে প্লাটফর্মটির বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। এটি রাশিয়া, ইউক্রেন ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২১ সালে পেইড সাবস্ক্রিপশন চালুর পাশাপাশি বিজ্ঞাপন প্রদর্শন শুরু করে মেসেজিং অ্যাপটি।










