গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে আইফোন বিক্রি বেড়েছে অ্যাপলের। বিক্রি বাড়ার মোট হার ৫২ শতাংশ। সম্প্রতি চীন সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি গবেষণা সংস্থার প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
চলতি বছরের শুরুতে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল। চীনা কোম্পানি হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে সে সময় বাজার অনেকটাই হারিয়েছিল মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। চীনের একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (সিএআইসিটি) তথ্যানুযায়ী, এপ্রিলে দেশটিতে বিদেশী কোম্পানির স্মার্টফোন বিক্রি ৫২ শতাংশ বেড়ে ৩৪ লাখ ৫৯ হাজার ইউনিট ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্চে চীনের বাজারে অ্যাপলের ডিভাইস বিক্রি ১২ শতাংশ বেড়েছে, যেখানে বছরের প্রথম দুই মাসে কোম্পানি বিক্রি ৩৭ শতাংশের বেশি কমে গিয়েছিল। এর বিপরীতে পরের দুই মাসে কোম্পানিটি ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজার বিশ্লেষকদের অভিমত, মে মাসেও অ্যাপলের বিক্রি বাড়তে পারে। মূলত কোম্পানিটি চীনের টি মল সাইটে আইফোন ক্রয়ে মূল্যহ্রাসের ক্যাম্পেইন শুরু করেছে। এতে গ্রাহকরা নির্দিষ্ট মডেলের আইফোন কেনার ক্ষেত্রে ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত ছাড় পাবেন।
অন্যদিকে চলতি মাসের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক চীনসহ বিশ্বের বেশকিছু বাজারে আইফোনের বিক্রি বাড়ার পূর্বাভাস দিয়েছেন। প্রযুক্তিবিদদের ভাষ্য, গত মাসে বাজারে নতুন সিরিজের হাই-এন্ড স্মার্টফোন পিউরা সেভেনটি নিয়ে এসেছে হুয়াওয়ে। এ কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিটি ছাড়ের তুলনায় প্রায় দ্বিগুণ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। এর আগে চীনের কোম্পানিটি আগস্টে মেট সিক্সটি স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে পুরো প্রযুক্তি খাতে সাড়া ফেলে।
২০২৪ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনকারী হিসেবে চীনের বাজারে অ্যাপলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখলে নেয় হুয়াওয়ে। খুচরা পর্যায়ে বিক্রি বাড়ানোর জন্য কোম্পানিটি আরো ফ্ল্যাগশিপ স্টোর চালু করছে। সিএআইসিটির তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে এপ্রিলে চীনে স্মার্টফোন বিক্রি ২৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ কোটি ২৭ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে।
চীনের পর এশিয়ার বাজারে কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে অ্যাপল। দেশটির রাজধানী কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ টিআরএক্স মলে স্টোরটি তৈরি করা হবে বলে সূত্রে জানা গেছে এবং ২২ জুন নাগাদ আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হতে পারে। প্রযুক্তিবিদদের মতে, হুয়াওয়েসহ অন্য কোম্পানির কারণে চীনের বাজারে তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে অ্যাপল। এ কারণে মালয়েশিয়ায় স্টোর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। মালয়েশিয়ায় ম্যাকের কিছু মডেল তৈরি হয়। এর আগে গত বছর ভারতে নিজেদের প্রথম স্টোর চালু করেছে অ্যাপল। বর্তমানে আইফোন উৎপাদনের দিক থেকে ভারত অন্যতম।










