তিন মিনিট পর্যন্ত ভিডিও আপলোডের সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। এর আগে প্লাটফর্ম ব্যবহারকারীরা এক মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করতে পারত। সেপ্টেম্বরে নতুন হালনাগাদে এ সময়সীমা নির্ধারণ করেছিল ব্লুস্কাই। খবর টেকক্রাঞ্চ।

প্রযুক্তিবিদরা বলছেন, নতুন বর্ধিত সময়সীমা ব্লুস্কাইকে থ্রেডস ও এক্সের মতো প্রতিদ্বন্দ্বী প্লাটফর্মের সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। ফ্রিতে প্লাটফর্ম ব্যবহারকারীদের ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার সুযোগ দেয় এক্স। অন্যদিকে থ্রেডস ব্যবহারকারীরা ৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার সুযোগ পায়।

এ পরিবর্তন ব্লুস্ক্রিন এবং স্কাইলাইটের মতো ভিডিও কনটেন্ট শেয়ারিং প্লাটফর্মগুলোর জন্য সুখবর। এসব অ্যাপের ডেভেলপাররা ব্লুস্কাইয়ে ভিডিও সুবিধা যুক্ত করার চেষ্টা করছেন। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। ভিডিও আপলোডের ক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্লুস্কাইকে সম্পূর্ণ নতুন অ্যাপ হিসেবে উপস্থাপনে কাজ করছেন অ্যাপসংশ্লিষ্ট ডেভেলপাররা। বর্ধিত সময়সীমা ব্লুস্কাইকে জনপ্রিয় শর্ট ভিডিও আপলোডের মাধ্যম টিকটকের বিকল্প হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা আদান-প্রদানেও নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে ব্লুস্কাই। এতে অপরিচিতদের কাছ থেকে মেসেজ গ্রহণের জন্য একটি নতুন ইনবক্স রয়েছে। যেখানে ব্লুস্কাই ব্যবহারকারী চাইলে মেসেজগুলো গ্রহণ বা অস্বীকার করতে পারবে। এর মাধ্যমে স্প্যাম ম্যানেজ করা সহজ হবে। এছাড়া এখন সরাসরি পোস্টের তিনটি ডট মেনু থেকে অ্যাকাউন্ট মিউট করা যাবে, যা আগে ব্যবহারকারীর প্রোফাইলে গিয়ে করতে হতো।