২০২৫ সালে সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে টেক জায়ান্ট গুগল। গুগল ক্লাউড প্লাটফর্মের গবেষকরা আশঙ্কা করছেন, এ সময়ে সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার বেড়ে যাবে। খবর টেক মনিটর।
‘সাইবার সিকিউরিটি ফোরকাস্ট ২০২৫’ প্রতিবেদনে গুগল জানিয়েছে, সাইবার হামলাকারীরা এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে আরো বিশ্বাসযোগ্য ফিশিং, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক কনটেন্ট তৈরি করবে। যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফাঁদে পা দেবেন।
গুগল ক্লাউড সিকিউরিটির গবেষকরা আরো সতর্ক করেছেন, হ্যাকাররা জালিয়াতি, পরিচয় চুরি ও নো-ইওর-কাস্টমার (কেওয়াইসি) যাচাইকরণ সিস্টেম হ্যাক করতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেমের দুর্বলতা শনাক্ত, লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও ম্যালিশিয়াস সফটওয়্যার কোড লেখার মতো কাজের জন্য এআই ব্যবহার করতে পারে। এতে হামলাগুলো আরো বিপজ্জনক হয়ে উঠবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় আগামী বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আরো বেশি সাইবার হামলার মুখোমুখি হতে পারে। ২০২৫ সাল হবে সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি রূপান্তরমূলক বছর। অদূর ভবিষ্যতে পুরোপুরি স্বায়ত্তশাসিত হওয়ার আগে প্রযুক্তিটি আগামী বছর আধা স্বায়ত্তশাসিত নিরাপত্তা কার্যক্রম শুরু করবে।
গুগল ক্লাউড দলের দাবি, র্যানসমওয়্যার হামলা ও তথ্য চুরির নানা ঘটনা আগামী বছরেও বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্যা সৃষ্টি করতে থাকবে।
পাসওয়ার্ড ও আর্থিক বিবরণের মতো সংবেদনশীল তথ্য চুরির জন্য ডিজাইন করা হয় ইনফোস্টিলার ম্যালওয়্যার। গুগল ক্লাউডের গবেষকরা এ ম্যালওয়্যার সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হাইব্রিড ক্লাউড ব্যবস্থায় দুর্বলতা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন। হাইব্রিড ক্লাউড ব্যবস্থায় পাবলিক ও প্রাইভেট উভয় ধরনের অবকাঠামো সন্নিবেশিত থাকে, যেগুলো বড় প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।
গুগল ক্লাউড প্রতিষ্ঠানগুলোকে এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর) প্লাটফর্মগুলো ব্যবহারের মাধ্যমে তাদের সাইবার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে। প্লাটফর্মগুলোর টুল সম্ভাব্য হুমকি শনাক্ত করতে ও দ্রুত প্রতিক্রিয়া জানাতে কম্পিউটার, ফোন ও সার্ভারের মতো ডিভাইস পর্যবেক্ষণ করে। ২০২৫ সালে এমবেডেড সিস্টেমের অ্যাকসেস পাওয়ার জন্য হ্যাকাররা কাস্টম ম্যালওয়্যার ব্যবহার করতে পারে। এমবেডেড সিস্টেম হচ্ছে বিশেষায়িত কম্পিউটার, যা শিল্প ক্ষেত্রে মেশিন, যানবাহন বা চিকিৎসা সরঞ্জামে সন্নিবেশিত থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিভিন্ন টুল, ফিশিং কিট ও ‘এজ-আ-সার্ভিসের’ মতো সরঞ্জাম আরো সহজে পাওয়া যাবে। এতে কম দক্ষ হ্যাকাররাও সাইবার হামলার সঙ্গে জড়িয়ে পড়বে।
২০২৫ সালে প্রযুক্তি খাতে ক্লাউড-নেটিভ সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম) সমাধান অধিক হারে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এসআইইএম সিস্টেম বিশেষত ক্লাউড পরিবেশের জন্য নির্মিত, যা আগের সিস্টেমের চেয়ে তুলনামূলক সহজে পরিচালনা করা যায়। ক্রিপ্টোকারেন্সি সংস্থা ও ওয়েবথ্রি বাড়ছে। ফলে খাতটিও সুরক্ষা দুর্বলতার মুখে পড়তে পারে বলে গুগল জানিয়েছে। ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত পর্যবেক্ষণের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে গুগল ক্লাউড প্লাটফর্ম।










