উই ইউ গেম কনসোলের মেরামত পরিষেবা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জাপানি গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনতেনদো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনসোলগুলো ঠিক করার জন্য পর্যাপ্ত যন্ত্রাংশ তাদের কাছে নেই। খবর এনগ্যাজেট।
চলতি বছরের শুরুতে নিনতেনদো সব উই ইউ গেম সার্ভার বন্ধ করে দেয়। এটি মাল্টিপ্লেয়ারসহ অন্যান্য অনলাইন পরিষেবা বন্ধ করেছে। এখন তারা উই ইউ গেম কনসোল মেরামতও বন্ধ করে দিয়েছে। তবে নিনতেনদো গত মে মাসে এ বিষয়ে জানিয়েছিল যে উই ইউ গেম কনসোল মেরামতের যন্ত্রাংশ স্টক শেষ হয়ে আসছে। যন্ত্রাংশ শেষ হয়ে গেলে মেরামতও বন্ধ হয়ে যাবে। বর্তমানে গেম কনসোলটি ওয়েবসাইটে মেরামতের জন্য যোগ্য নয় বলে তালিকাভুক্ত করা হয়েছে।
২০১২ সালের শেষের দিকে নিনতেনদো উই ইউ বাজারে আসে। এটি গত প্রজন্মের উইয়ের জায়গা নেয়ার কথা ছিল। কিন্তু ক্রেতাদের কাছ থেকে নিনতেনদো ইতিবাচক সাড়া পায়নি। এর পরিপ্রেক্ষিতে কনসোলটি বিক্রি হয়েছিল মাত্র ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ইউনিট। এরপর প্রতিষ্ঠানটি নিনতেনদো সুইচ গেম কনসোল বাজারে আনে, যা গেমারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নিনতেনদো উই ইউ গেম কনসোলের প্রধান ফিচার ছিল এর গেমপ্যাড। এতে বিল্টইন ৬ দশমিক ২ ইঞ্চির টাচস্ক্রিন ছিল। গেমাররা এটি হ্যান্ডহেল্ড কনসোলের মতো ব্যবহার করতে পারে। এছাড়া চাইলে কনসোলটি টিভির সঙ্গেও যুক্ত করা যাবে।










