সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার সঙ্গে প্রায় ২ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করতে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি ওরাকল। বিষয়সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রস্তাবিত এ চুক্তি মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পে দ্রুত ও নির্ভরযোগ্য কম্পিউটিং সুবিধা নিশ্চিতের প্রচেষ্টাকে আরো জোরদার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি সম্পন্ন হলে মেটা নিজের বিদ্যমান ক্লাউড সরবরাহকারীদের পাশাপাশি ওরাকলের কাছ থেকেও বড় আকারে কম্পিউটিং সক্ষমতা পাবে। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি এআই মডেল তৈরি ও পরিচালনা করতে পারবে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং ওরাকলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি হলে দ্রুত বাড়তে থাকা এআই ক্লাউড বাজারে ওরাকলের অবস্থান আরো শক্ত হবে। কোম্পানিটি একীভূত ক্লাউড প্রযুক্তি ও পরিষেবা দিয়ে বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম।
এআই ক্লাউড বলতে এমন ক্লাউড কম্পিউটিং পরিষেবাকে বোঝায়, যা এআই মডেল তৈরি, প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রসেসিং শক্তি, স্টোরেজ ও সফটওয়্যার সরঞ্জাম সরবরাহ করে। ফলে কোম্পানিগুলো এখন নিজস্ব বড় ডাটা সেন্টার না রেখেও এআই-ভিত্তিক কাজ করতে পারছে।
গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এআই প্রতিষ্ঠান ওপেনএআই ও প্রযুক্তি জায়ান্ট ওরাকল প্রায় ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্লাউড চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, এ চুক্তি ২০২৭ সালে কার্যকর এবং আনুমানিক পাঁচ বছর স্থায়ী হবে। এটি বৃহৎ ‘প্রজেক্ট স্টারগেট’-এর অংশ। এর আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে ৪৫০ কোটি ডলার বিনিয়োগে উচ্চক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার নির্মাণ করা হবে।
পাশাপাশি অ্যামাজন, অ্যালফাবেট ও মাইক্রোসফটের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তাদের ক্লাউড গ্রাহকদের ওরাকল ক্লাউড অবকাঠামো ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসব অংশীদারত্বের আয় ১৬ গুণের বেশি বেড়েছে।
মেটা মার্চে জানিয়েছিল, নিজেদের প্রথম কাস্টম এআই ট্রেনিং চিপ পরীক্ষা শুরু করেছে কোম্পানিটি। চিপটি এআই-ভিত্তিক কাজ আরো দ্রুত ও কার্যকরভাবে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। চিপগুলো ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানো আরো দ্রুত ও স্মার্ট করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
ওরাকল সম্প্রতি চারটি মাল্টি বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে। কোম্পানিটি আগামী কয়েক মাসে আরো বড় গ্রাহকের সঙ্গে চুক্তি করবে এবং ক্লাউড অবকাঠামো খাতে আয় অর্ধ ট্রিলিয়ন ডলারের বেশি হবে বলে আশা করছে।
চুক্তিটি চূড়ান্ত হলে এআই ক্লাউড কম্পিউটিং প্রতিযোগিতায় ওরাকলের জন্য এটি বড় একটি সাফল্য হবে বলে অভিমত প্রযুক্তি বিশেষজ্ঞদের।










