অ্যাপল আর্মের সঙ্গে নতুন চিপ প্রযুক্তি বিকাশে চুক্তি করেছে, যা ২০৪০ সাল পর্যন্ত স্থায়ী হবে। অ্যাপল তার নিজস্ব চিপসেট তৈরির জন্য আর্ম প্রযুক্তি ব্যবহার করছে, যা আইফোন, আইপ্যাড ও ম্যাকগুলোয় ব্যবহার হয়। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া আর্মের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নথিপত্রে এ তথ্য জানা যায়। খবর রয়টার্স।

আর্ম একই দিনে তাদের ৫২০ কোটি ডলারের আইপিও সম্পর্কে বিশদ বিবরণী প্রকাশ করেছে। এটি হতে পারে চলতি বছরের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আইপিও। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেয়ার সময় আর্ম আরো নিশ্চিত করেছে তারা ৪৭-৫১ ডলারে ৯ কোটি ৫৫ লাখ আমেরিকান ডিপোজিটরি শেয়ার অফার করছে। আর্ম কোম্পানির প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ স্মার্টফোন ব্যবহার হয়ে আসছে। অ্যাপল আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য কাস্টম চিপ ডিজাইন করতে আর্মের প্রযুক্তি ব্যবহার করা হয়।

অ্যাপল ১৯৯০ সালে আর্ম প্রতিষ্ঠাকারী গ্রুপের অংশ ছিল। ১৯৯৩ সালে অ্যাপলের নিউটন নামের হ্যান্ডহেল্ড কম্পিউটারে আর্ম নির্মিত প্রসেসর ব্যবহার করেছিল। যদিও অ্যাপলের নিউটন তেমন বাজারে সাড়া ফেলতে সক্ষম হয়নি, তবে আর্ম স্মার্টফোন চিপ বাজারে নেতৃত্বস্থানীয় জায়গা দখল করতে সফল হয়।

অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আর্মের আইপিওতে ৭৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে। রয়টার্স প্রতিবেদন নিশ্চিত করেছে অ্যাপল এ কৌশলগত বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে।

গত ২১ আগস্ট প্রকাশিত আর্মের আগের আইপিও ফাইলিং ডকুমেন্টে এ চুক্তির উল্লেখ ছিল না, যার অর্থ চুক্তিটি তখন থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। আর্মের এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি এবং অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।