এক্স, ইউটিউব এবং অ্যাপল সাপোর্ট কমিউনিটি অনলাইন ফোরামের মাধ্যমে আর গ্রাহক সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। নিজেদের সোশ্যাল মিডিয়া সাপোর্ট অ্যাডভাইজার পদ বিলুপ্ত করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এর অর্থ অ্যাপল সাপোর্ট কমিউনিটি সেন্টারে পেইড কমিউনিটি স্পেশালিস্টও আর থাকবে না। 

ম্যাকরিউমরসের বরাতে টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের শেষ দিকে এ পরিবর্তনটি আনা হবে এবং এর কারণে প্রভাবিত হবে ১৫০-এরও বেশি কর্মী।

যদিও অনেকের পরামর্শ, অ্যাপল এসব কর্মীর ফোনভিত্তিক সাপোর্টের ভূমিকায় চলে যাওয়ার বিকল্প ব্যবস্থা চালু করবে। অক্টোবরের প্রথম দিকে এ পরিবর্তন শুরু হবে। এক্স ব্যবহারকারীরা তখন অটোমেটেড বার্তা পাবেন যেখানে তাদের অন্য কোনো জায়গা থেকে সহায়তা নেয়ার বিষয়ে পরামর্শ দেয়া হবে।

অ্যাপলের সাপোর্ট ল্যান্ডস্কেপ এখন অনেক তাৎপর্যপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এখন অ্যাপল সাপোর্ট চ্যানেলে আপলোড করা ইউটিউব ভিডিওতে কমেন্টের মাধ্যমে গ্রাহকের টেকনিক্যাল সহায়তা দেয়াও বন্ধ করে  দেবে। পাশাপাশি অ্যাপল সাপোর্ট কমিউনিটি নামে যে অনলাইন প্লাটফর্মে গ্রাহকরা কোনো বিষয়ে সাহায্য পাওয়ার জন্য আলোচনা করেন সেখানেও পেইড কমিউনিটি স্পেশালিস্টের ভূমিকা বাতিল হয়ে যাবে।

যদিও অ্যাপল প্রভাবিত হওয়া কর্মীদের সংস্থাটির ভেতরেই ফোনভিত্তিক সাপোর্ট ভূমিকায় নিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি করেছে। তবে এমন পদক্ষেপের কারণে সংস্থাটির কিছু পরামর্শকের ভেতর অসন্তোষ দেখা দিয়েছে, যারা এর আগে এমন কোনো পরিবর্তনের বিষয়ে অপারগ বা অনিচ্ছুক ছিল।

উল্লেখ্য, চিকিৎসাগত কোনো কারণ না থাকলে অ্যাপল তার কর্মীদের আরেকটি চ্যাটভিত্তিক সহায়তার ক্ষেত্রে পাঠাবে না। এ সিদ্ধান্তও সোশ্যাল মিডিয়া টিমের মধ্যে হতাশা এবং অসন্তোষের জন্ম দিয়েছে। মোবাইল সিরাপ জানিয়েছে, কর্মীরা যেন সেলফোনের কথোপকথনের মাধ্যমে যথাযথভাবে সহায়তা দিতে পারে সেজন্য প্রশিক্ষণ দেবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।