অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ আসতে আর কয়েক মাস বাকি। কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে আইফোন ১৭ এয়ার নিয়ে। এক ইউটিউবারের সম্প্রতি প্রকাশিত হ্যান্ডস-অন ভিডিওতে দেখা যায়, ফোনটি অন্যান্য যেকোনো স্মার্টফোনের তুলনায় খুবই পাতলা। সুতরাং, অ্যাপল এবার নিজেদের সবচেয়ে পাতলা আইফোন তৈরি করতে যাচ্ছে বলেই ধারণা দিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডে।
টেক ইউটিউবার লুইস হিলসেনটেগার একটি ভিডিওতে দেখিয়েছেন, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব ৫ দশমিক ৬৫ মিলিমিটার। তুলনামূলকভাবে একটি সাধারণ কাঠের পেনসিল প্রায় ছয় মিলিমিটার হয়। তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার একটি কাঠ পেনসিলের চেয়েও পাতলা হবে।
অনেক সময় কিছু কোম্পানি বা টিপস্টাররা আগেভাগেই উল্লেখ্য, আসন্ন ডিভাইসের ডামি ইউনিট পেয়ে যায়। এগুলো প্রকৃত ফোন নয়, সাধারণত প্লাস্টিক বা ধাতব তৈরি একটি মডেল। এগুলো কেবল ডিভাইসের সম্ভাব্য আকার ও ডিজাইন বোঝাতে তৈরি করা হয়।
ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ার মডেলটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের পাশে রাখা হয়েছে। প্রো ম্যাক্সের পুরুত্ব প্রায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার। তবে পাতলা ডিজাইনটি যতটা আকর্ষণীয়, ততটাই কৌতূহল তৈরি করেছে। কারণ এটা আসলে কতটা টেকসই হবে তা সময়ই বলে দেবে।
প্রযুক্তি বিশেষজ্ঞতা ভিডিওটি বিশ্লেষণ করে বলছেন, অতিপাতলা এ ডিজাইনের কিছু সীমাবদ্ধতাও আছে। গুঞ্জন অনুযায়ী, আইফোন ১৭ এয়ারের পেছনের ক্যামেরা সংখ্যা কমিয়ে শুধু একটি ক্যামেরা রাখা হয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে, মডেলটির ব্যাটারির ধারণক্ষমতাও অন্যান্য আইফোনের তুলনায় কম হতে পারে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি আইফোন নির্মাতা অ্যাপল।
একাধিক প্রতিবেদন অনুয়ায়ী, চলতি বছর সেপ্টেম্বরে বাজারে আসতে যাচ্ছে আইফোন ১৭ এয়ার। স্মার্টফোন বাজারসংশ্লিষ্টদের মতে, ফোনটির প্রতিদ্বন্দ্বী হতে পারে প্রায় ৬ দশমিক ৪ মিলিমিটার পুরু স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ। যদি অ্যাপল সত্যিই ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু আইফোন নিয়ে আসে, তবে এটি চলতি বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন হিসেবে শীর্ষস্থান দখল করতে পারে।










