গেমিংয়ের জন্য হ্যান্ডহেল্ড ডিভাইসের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। জনপ্রিয়তার সঙ্গে এর উৎপাদনও বাড়ছে। বিভিন্ন কোম্পানির ডিভাইসের মধ্যে স্টিম ডেক অন্যতম। প্রথম ডিভাইসটি বাজারজাতের পর ভালো সাড়া ফেলেছে। বর্তমানে সবার প্রশ্ন আরো শক্তিশালী ও ফিচারযুক্ত স্টিম ডেক ২ কবে বাজারে আসবে। ভালভের এক কর্মকর্তা সূত্রে নতুন ডিভাইস বাজারজাতের সম্ভাব্য তারিখ বা সময় জানা গেছে। ভালভের এক কর্মকর্তা পিয়েরে-ল্যুপ গ্রিফাইস জানান, ২০২৫ বা ২০২৬ সালের আগে স্টিম ডেক ২ ডিভাইস বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, নতুন হ্যান্ডহেল্ড আনার আগে কোম্পানিটি ডিভাইসের পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি ব্যাটারি লাইফ সংরক্ষিত রাখার বিষয়ে কাজ করছে। কেননা হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে ভালভ হার্ডওয়্যারের বাজারে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্টিম ডেকের মাধ্যমে সে লক্ষ্যও পূরণ করেছে। গবেষণা প্রতিষ্ঠান অমদিয়ার তথ্যানুযায়ী, ২০২২ সালে ১৬ লাখ ২০ হাজারের বেশি ডেক ডিভাইস বিক্রি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর স্টিম ডেকের বিক্রি ৩০ লাখ ইউনিট ছাড়াতে পারে। এটি শুধু পূর্বাভাস। প্রযুক্তিবিদদের মতে, চলতি বছর একক হিসেবে বিক্রির পরিমাণ ৫০ লাখ থেকে ১ কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এনগ্যাজেট