ভারতে ২০২৩ সালের মার্চ থেকে পরবর্তী এক বছরে ৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অ্যাপল। এ সময় কোম্পানিটির বিক্রির হার বেড়েছে ৩৩ শতাংশ। ভারতের বাজারে প্রতিষ্ঠানটির এ প্রবৃদ্ধির পেছনে বিশেষভাবে অবদান রেখেছে আইফোন। গত অর্থবছরে দেশটি থেকে অ্যাপলের মোট আয়ের অর্ধেকের বেশি এসেছে শুধু আইফোন বিক্রি থেকে। খবর ইন্ডিয়া টুডে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের রিসার্চের তথ্যানুযায়ী, ভারতের বাজারে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত সাশ্রয়ী মূল্যের চীনা ডিভাইসগুলোর আধিপত্য রয়েছে। বর্তমানে ভারতে স্মার্টফোনের ব্যবহার হচ্ছে প্রায় ৬৯ কোটি। এর মধ্যে আইফোনের অংশ প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। অ্যাপলের সবচেয়ে দ্রুতবর্ধনশীল বাজারগুলোর মধ্যে অন্যতম ধরা হচ্ছে ভারতকে। যদিও অ্যাপেলের মোট বিক্রিতে দেশটির অবদান মাত্র ২ শতাংশ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক গত বছর ভারত সফরে যান। ওই সময় ভারতে অ্যাপলের দুটি ফ্ল্যাগশিপ স্টোর ওপেন করা হয়।

এদিকে অর্থনৈতিক মন্দার কারণে সাম্প্রতিক অর্থবছরে চীনে অ্যাপলের আয় ৭ হাজার ২৬০ কোটি ডলার কমেছে, যদিও সাম্প্রতিক মাসগুলোয় খুচরা বিক্রেতাদের উল্লেখযোগ্য ছাড়ের জন্য আইফোন বিক্রি বাড়তে দেখা গেছে।

মার্কেট বিশ্লেষকদের মতে, অ্যাপল ও স্যামসাং ভারতের স্মার্টফোন বাজারে নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

মানিকন্ট্রোল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অভ্যন্তরীণ পর্যায়ে যন্ত্রাংশ তৈরির হার বাড়াতে বর্তমানে কাজ করছে কোম্পানিটি। চার-পাঁচ বছরের মধ্যে দেশটিতে উৎপাদন পাঁচ গুণ বাড়াবে কুপারটিনোভিত্তিক এ প্রযুক্তি জায়ান্ট। 

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে ভারতে আইফোন বিক্রি ১০-১৫ শতাংশ বাড়বে। অন্যদিকে কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এর হার ২৫-২৬ শতাংশ বাড়বে। মূলত আইফোনের দাম নাগালের মধ্যে থাকায় এবং ৩০ মাস পর্যন্ত ইনস্টলমেন্ট সুবিধা থাকায় বিক্রি বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। আরেকটি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বলা হয়েছিল, ২০২৪ সালে ভারতে বছরওয়ারি হিসেবে আইফোন বিক্রি ৩০ শতাংশ বাড়বে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বাজার আয় ও মুনাফা নিয়ে বিপাকে রয়েছে কোম্পানিটি।

২০২৩ সালের প্রথম নয় মাসে অ্যাপলের আইফোন বিক্রি ৪ শতাংশ কমে ১৫ হাজার ৬৭৭ কোটি ডলারে পৌঁছেছে। ওয়্যারেবল, হোম ও অ্যাকসেসরিজ খাতেও বিক্রি কিছুটা কমে ৩ হাজার ৫২ কোটি ডলার হয়েছে। ভারত থেকে সেলফোন রফতানিতে সবচেয়ে বড় কোম্পানি হয়ে উঠেছে অ্যাপল। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে শীর্ষে থাকা পাঁচ কোম্পানির মধ্যে অ্যাপলের বাজার হিস্যা ছিল ৫৯ শতাংশ। আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোনের বাজার এখনো অ্যাপলের নিয়ন্ত্রণে। সাধারণত একটি স্মার্টফোনের দাম ৪৫ হাজার রুপির বেশি হলে সেটিকে আল্ট্রা প্রিমিয়াম ক্যাটাগরির ধরা হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হিসেবে সাম্প্রতিক সময়ে অ্যাপলের বিশেষ মনোযোগ পাচ্ছে ভারত। কারণ হিসেবে ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মতো বাজারে কোম্পানিটির ক্রেতা হ্রাসের কথাও বলছেন বিশ্লেষকরা।