ভেরাইজন বিজনেস নেটওয়ার্ক সার্ভিসেস যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট ভেরাইজনের ইউনিট। সাইবার নিরাপত্তা মান অনুসরণে ব্যর্থতার অভিযোগ নিষ্পত্তিতে ৪১ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর রয়টার্স।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ফেডারেল এজেন্সি ও অন্যান্য বাহ্যিক নেটওয়ার্ক নিরাপদ ইন্টারনেট সংযোগ সরবরাহকারী ভেরাইজন। তাদের সেবা প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণ পুরোপুরি পূরণ করতে পারেনি। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মাইকেল গ্রানস্টন বিবৃতিতে জানান, যখন সরকারি ঠিকাদাররা প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা মান অনুসরণ করতে ব্যর্থ হয়, তখন তারা সংবেদনশীল সরকারি তথ্য এবং তথ্য সংরক্ষণের সিস্টেম নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।
ভেরাইজন প্রতিক্রিয়ায় বলেছে, ২০২০ সালে তারা কিছু ফেডারেল এজেন্সির কাছে বিক্রি করা নিরাপত্তা পরিষেবার সম্ভাব্য সমস্যা শনাক্ত করে রিপোর্ট জমা দিয়েছে।
তারা জোর দিয়ে বলছে এতে কোনো ধরনের সুরক্ষা লঙ্ঘন বা ডাটা ফাঁসের ঝুঁকি নেই।
মার্কিন বিচার বিভাগ অসদাচরণের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ভেরাইজনসহ অন্যান্য সরকারি ঠিকাদারদের প্রশংসা করেছে। কারণ এটি দেশকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সহায়তা করে।










