ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর বিশ্বের বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) পরিষেবার বিকাশে কাজ করছে। এর অংশ হিসেবে মেটা নতুন এআই মডেল আনার ঘোষণা দিয়েছে, যা কম্পিউটারের কোড লিখতে সহায়তা করবে। খবর রয়টার্স।

কোড লামা নাম দেয়া হয়েছে এটির। কোম্পানির তথ্যানুযায়ী, এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। এআই মডেলটি কোনো মানুষের দেয়া টেক্সট প্রম্পট অনুযায়ী কোড লিখে দেবে। ব্লগপোস্টে আরো বলা হয়, কোড লিখে শেষ করার পাশাপাশি ডিবাগিংয়ের কাজেও এআই মডেলটি সহায়তা করবে। 

গত বছর চ্যাটজিপিটি চালুর পর বিভিন্ন এন্টারপ্রাইজ ও ব্যবসাপ্রতিষ্ঠান জেনারেটিভ এআইয়ের বাজারে প্রবেশ করতে চাইছে। মূলত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিকাশই তাদের মূল লক্ষ্য। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা চলতি বছর বেশকিছু এআই মডেল চালু করেছে। এর মধ্যে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল লামাও রয়েছে। প্রযুক্তিবিশারদদের মতে যা মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত ওপেনএআই ও আলফাবেটের গুগলের সঙ্গে প্রতিযোগিতা বাড়াবে।

মেটা জানায়, নতুন এআই মডেলটি মেটার লামা ২ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর তৈরি করা হয়েছে। বিভিন্ন কনফিগারেশনে এটি ব্যবহার করা যাবে।