কোরিয়ার ডিজিটাল রূপান্তরের গতিকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। প্রযুক্তি শিল্পজুড়ে নিরাপদ ও আরো উদ্ভাবনী পণ্য সরবরাহের মাধ্যমে কাজ করবে কোম্পানিটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

চীনা প্রযুক্তি জায়ান্টটির কোরিয়ান ইউনিটের প্রধান নির্বাহী বালিয়ান ওয়াং সিউলের এক সংবাদ সম্মেলনে জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি নেটওয়ার্ক ও ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন খাতে হুয়াওয়ের গবেষণা, উন্নয়ন ও অভিজ্ঞতা শেয়ার করবে হুয়াওয়ে। এর মাধ্যমে ভবিষ্যতের কোরিয়ান আইসিটি শিল্পের সক্রিয় বিকাশ আরো সহজ হবে।

ওয়াং আত্মবিশ্বাসী হুয়াওয়ে কোরিয়ান গ্রাহকদের আস্থা বাড়াবে। তিনি জোর দিয়ে জানান, গত ৩০ বছরে কোরিয়াসহ বিশ্বব্যাপী হুয়াওয়ের কোনো সাইবার নিরাপত্তাজনিত বিঘ্ন ঘটেনি।  

হুয়াওয়ে কোরিয়ান ক্লায়েন্টদের ডাটা সেন্টার নেটওয়ার্ক, ক্যাম্পাস নেটওয়ার্ক, স্টোরেজ, ডাটা সুরক্ষা ও অপটিক্যাল ট্রান্সপোর্ট পণ্য সরবরাহ করছে বলেও জানানো হয়। এর ফাইভজি বিশ্বব্যাপী পরীক্ষায় ১ জিবিপিএসের ওপরে স্কোর করেছে। ওয়াং কোরিয়ার গ্রাহক, অংশীদার এবং এক হাজার তরুণ আইসিটি প্রতিভা বিকাশে সহায়তা করার অঙ্গীকার করেছেন।

হুয়াওয়ের পরিবেশবান্ধব ডিজিটাল সলিউশন যেমন সোলার ইনভার্টার, গ্রিন ডাটা সেন্টার, পাওয়ার টেক ও ইলেকট্রিক ভেহিকল চার্জিংয়ের কথা তুলে ধরেন তিনি।

জুনে হুয়াওয়ে কোরিয়ার সিইও হওয়ার পর এটিই ওয়াংয়ের প্রথম সংবাদ সম্মেলন। এর আগে তিনি ২০১৭ সাল থেকে ছয় বছর হুয়াওয়ের জাপান টেলিকম বিভাগের দায়িত্বে ছিলেন। চীনের ওপর মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও অর্থনীতিতে মন্দা ভাবের মধ্যে ২০২৩ সাল কঠিন সময় পার করেছে হুয়াওয়ে। তবে প্রতিষ্ঠানটির মানসম্মত সেবা ও আস্থা সংকটাবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করেছে।

২০২৪ সালের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওয়াং হুয়াওয়েকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে দীর্ঘস্থায়ী উদ্বেগের মধ্যে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান। এর কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনা প্রযুক্তি থেকে দূরে থাকার জন্য কোরিয়ায় তদবির করছে বলে ধারণা করা হচ্ছে।