ব্রাউজার হিসেবে গুগল ক্রোমের জনপ্রিয়তা বেশি হলেও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে এগিয়ে মজিলা। ব্যবহারকারীদের আরো সুবিধা দেয়ার অংশ হিসেবে এবার ফায়ারফক্সে নতুন সাড়ে চারশে এক্সটেনশন চালু করা হয়েছে। খবর গিজচায়না।
ক্রোম সব থেকে বেশি ব্যবহৃত হলেও এক্সটেনশন ব্যবহারের সুবিধা না থাকায় অভিযোগও রয়েছে। কম্পিউটার বা ল্যাপটপে থাকা ওয়েব ব্রাউজারে এক্সটেনশন ব্যবহারের সুবিধা থাকলেও সেলফোনে বিজ্ঞাপন বন্ধ করার, উৎপাদনশীলতা বাড়ানোর এবং আরো উন্নত ব্রাউজিং অভিজ্ঞতা অর্জনের সুবিধা নেই। এদিক থেকে ফায়ারফক্স এগিয়ে। সম্প্রতি দেয়া নতুন আপডেটের মাধ্যমে প্লাটফর্মে সাড়ে চারশর বেশি এক্সটেনশন যুক্ত হয়েছে।
আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন বাছাই করতে পারবে। এর মধ্যে কনটেন্ট ব্লকার হিসেবে ডার্ক রিডার ব্যবহার, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য টমেটো ক্লকের মতো এক্সটেনশনও রয়েছে। এছাড়া অফলাইন রিডিংয়ের জন্য সিঙ্গেল ফাইল, ইউটিউব প্লেব্যাকের জন্য ইউটিউবইউটিলস ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ফায়ারফক্সে এক্সটেনশন ব্যবহারের সুবিধা নতুন কিছু নয়। তবে এর যাত্রা বেশ কঠিন ছিল। প্রাথমিকভাবে সাপোর্ট দেয়ার পর ২০২০ সালে কাস্টমাইজ করার টুলগুলো ব্রাউজারে ফিরিয়ে আনার জন্য ব্যবহারকারীদের আবেদন বাড়তে থাকে। অবশেষে এ সমস্যার সমাধান হলো। নতুন এক্সটেনশনের মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকবে ফায়ারফক্স এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রযুক্তিবিদদের মতে, এক্সটেনশন ব্যবহারের এ সুবিধা দেয়ার মাধ্যমে কোম্পানিটির গ্রাহক সংখ্যা আরো বাড়তে পারে।










