স্যাটেলাইট মেসেজিং ফিচার এখন প্রযুক্তিবাজারের অন্যতম আলোচ্য বিষয়। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েডেও এ ফিচার চালুতে কাজ করছে গুগল। এ খাতে নতুন কিছু করার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ১৪-তে টু ওয়ে ইমার্জেন্সি স্যাটেলাইট কমিউনিকেশন আনতে আগ্রহী কোম্পানিটি। এ লক্ষ্যে গারমিনের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি কোম্পানি। খবর টেকটাইমস।
অ্যাপলের টু ওয়ে ইমার্জেন্সি স্যাটেলাইট কমিউনিকেশন সুবিধাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ও ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন গুগল গারমিনের সঙ্গে মিলে তার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোয় স্যাটেলাইট মেসেজিং অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে।
যদিও গুগল বা গারমিনের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনের অফিশিয়াল রিলিজের অপেক্ষায় রয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
আইফোনের সঙ্গে দুই বছরের জন্য বিনামূল্যে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি এসওএস মেসেজ পরিষেবাটি দেয়া হয়। গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে স্যাটেলাইট মেসেজিং সার্ভিস তৈরির চেষ্টা করা যাচ্ছে, যা আশার বার্তা। স্যাটেলাইট মেসেজিং সরঞ্জামের একটি উল্লেখযোগ্য সরবরাহকারী গারমিন ইনরিচ মেসেঞ্জার ও ইনরিচ মিনি ২-এর মতো পণ্যগুলোর জন্য ইরিডিয়ামের ৬৬টি স্যাটেলাইট ব্যবহার করে। যদিও এ গ্যাজেটগুলো জরুরি যোগাযোগ ব্যাকআপ সরবরাহ করে থাকে, তবে প্রযুক্তিটি স্মার্টফোনগুলোয় অন্তর্ভুক্ত করা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বর্তমানে স্যাটেলাইট যোগাযোগ সক্ষমতা সম্পন্ন কয়েকটি স্মার্টফোন বাজারে রয়েছে। স্যামসাং ও মটোরোলার মতো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতারা চাইলে এক্ষেত্রে দৃশ্যপট পরিবর্তন করে দিতে পারে বলে অভিমত সংশ্লিষ্টদের। গারমিনের ইনরিচ স্যাটেলাইট সাবস্ক্রিপশনের মতো পরিষেবা গ্রহণে প্রতি মাসে ন্যূনতম ১৪ ডলার ৯৫ সেন্ট ব্যয় করতে হবে।










