কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে আবারো কর্মী ছাঁটাই করছে গুগল। এবার ডিজাইন টিমে কাজ করা ১০০-এর মতো কর্মী চাকরি হারাচ্ছেন। খবর ইন্ডিয়া টুডে।

সিএনবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক এসব কর্মী ব্যবহারকারীর অভিজ্ঞতা, তথ্য সংগ্রহ, জরিপ পরিচালনা ও পণ্য ব্যবহারের ধরন বিশ্লেষণের কাজ করতেন। তাদের সহায়তায় প্রকৌশলী ও ডিজাইনাররা পণ্য উন্নয়ন করতেন। এ ছাঁটাইয়ে কিছু দলে অর্ধেকের বেশি সদস্য বাদ পড়েছেন। আবার কয়েকজনকে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুর মধ্যে অন্য বিভাগে নতুন কাজ খুঁজে নিতে হবে। তবে গুগল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

চলতি বছরের শুরু থেকেই গুগলের বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে। মানবসম্পদ, বিজ্ঞাপন, হার্ডওয়্যার, বিপণন ও অর্থ বিভাগে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেয়া হয়েছিল। এছাড়া মাঝারি পর্যায়ের ব্যবস্থাপনার স্তর কমানো হয়েছে। ছোট ছোট দল তত্ত্বাবধান করা সুপারভাইজারদের দায়িত্বও বাদ দেয়া হয়েছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই তার কর্মীদের স্পষ্ট জানিয়েছেন, প্রতিদিনের কাজের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা এখন অপরিহার্য।

একটি সেমিনারে তিনি বলেন, ‘‌কোম্পানি কেবল নতুন কর্মী নিয়োগ দিয়ে এগোতে পারবে না। কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে।’

তবে গুগল একা নয়। সিলিকন ভ্যালির অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিও একই পথে হাঁটছে। গত জুলাইয়ে মাইক্রোসফট প্রায় নয় হাজার কর্মী ছাঁটাই করেছে। মেটা গত দুই বছরে কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে।

উল্লেখ্য, বর্তমানে গুগলের কর্মীসংখ্যা ২০২৩ সালের সর্বোচ্চ অবস্থার চেয়ে কম। ওই সময় গুগলে প্রায় ১ লাখ ৯১ হাজার কর্মী ছিল। চলতি বছরের জুনের শেষে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ১ লাখ ৮৭ হাজারে। ২০২৩ সালের শুরুতেই প্রায় ৬ শতাংশ কর্মী বাদ দেয়া হয়েছিল। এরপর থেকে পর্যায়ক্রমে গুগলের বিভিন্ন বিভাগে ছাঁটাই চলছে।