দুই সপ্তাহের মধ্যে মিটিয়র লেক প্রসেসর উন্মোচন করতে পারে ইন্টেল। এর সঙ্গে গ্যালাক্সি বুক ৪ সিরিজ বাজারে আনার কথা ভাবছে স্যামসাং। খবর গিজমোচায়না।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগের ভার্সনগুলোর তুলনায় এক মাস আগে বুক ৪ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। এদিকে কোরিয়ান প্রযুক্তি কোম্পানিটির দাবি এটি হবে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর ল্যাপটপ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিজস্ব এআই মডেলের ক্ষমতায়নে সিলিকনের সক্ষমতা ব্যবহার করতে পারে স্যামসাং।
অন ডিভাইস এআই মানে হচ্ছে সাধারণভাবে যেসব ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ ক্লাউডের পরিবর্তে ডিভাইসের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে। এর ফলে কোনো তথ্য আপলোড বা ইন্টারনেট সংযোগ থাকার প্রয়োজন নেই। ইয়োনহাপ জানায়, গ্যালাক্সি বুক ৪ লাইনআপে ইন্টেলের কোর আল্ট্রা প্রসেসরও ব্যবহার করা হবে। বর্তমানে প্রচলিত গ্যালাক্সি বুক ৩ ডিভাইসে কোর আই৭ প্রসেসর পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, নতুন গ্যালাক্সি বুক ৪ সিরিজের ডিজাইন আগের ভার্সনগুলোর মতোই হবে।










