কানাডার শিশুদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তা অনলাইন মার্কেটিং ও কনটেন্ট টার্গেটিংয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। সম্প্রতি কানাডার জাতীয় গোপনীয়তা কমিশনার ফিলিপ ডুফ্রেসনে এবং দেশটির কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টার প্রাইভেসি কর্তৃপক্ষের যৌথভাবে পরিচালিত এ তদন্তে দেখা গেছে, ওয়েবসাইট ও অ্যাপে শিশুদের প্রবেশ রোধ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি টিকটক। পাশাপাশি প্রতি বছর লাখ লাখ কানাডিয়ান শিশু এ প্লাটফর্মে প্রবেশ করছে, যদিও প্ল্যাটফর্মটি ১৩ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য নয়। খবর রয়টার্স।
ফিলিপ ডুফ্রেসনে এক সংবাদ সম্মেলনে বলেন, ব্যবহারকারী, বিশেষ করে শিশুদের ব্যাপক পরিমাণে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে টিকটক। এসব তথ্য আবার ব্যবহারকারীদের জন্য কনটেন্ট ও বিজ্ঞাপনের টার্গেটিংয়ের কাজে ব্যবহার করা হয়। এ পদক্ষেপ কিশোরদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এ তদন্তের প্রতিক্রিয়ায় শিশুদের প্ল্যাটফর্মে প্রবেশ রোধ করতে বয়স যাচাই প্রক্রিয়া আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে টিকটক। পাশাপাশি ব্যবহারকারীদের, বিশেষ করে কিশোরদের, তথ্য কীভাবে ব্যবহৃত হতে পারে তা বুঝতে সহায়তার জন্য তথ্যপ্রদানের নিয়মও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি সম্মত হয়েছে, ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শন সীমিত করা হবে এবং সাধারণ ক্যাটেগরি যেমন ভাষা ও আনুমানিক অবস্থান ছাড়া সরাসরি টার্গেটিং হবে না। এছাড়াও, কানাডিয়ান ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা সংক্রান্ত তথ্য আরো সম্প্রসারণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
টিকটকের একজন মুখপাত্র বলেন, আমরা সন্তুষ্ট যে কমিশনাররা আমাদের কিছু প্রস্তাব মেনে নিয়েছেন, যাতে কানাডিয়ান ব্যবহারকারীদের জন্য আমাদের প্ল্যাটফর্ম আরো নিরাপদ এবং স্বচ্ছ হয়। যদিও আমরা তদন্তের কিছু ফলাফলের সঙ্গে একমত নই। আমরা স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং নিয়ন্ত্রক সংস্থা টিকটকের ওপর নজর রাখছে। বিশেষ করে টিকটক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং চীনের স্বার্থে সেগুলো ব্যবহার করতে পারে বলে উদ্বেগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার না করার আইন পাস হয়েছে এবং ইইউর শীর্ষ নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলোও নিজেদের কর্মচারীদের ফোনে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। অন্যদিকে মার্কিন সিনেট ডিসেম্বরে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধের একটি বিল পাস করেছে।
কানাডা ২০২৩ সালে টিকটকের কানাডিয়ান ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনার তদন্ত শুরু করে। তদন্তের পর সরকার টিকটককে কানাডায় কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়, যা কোম্পানি চ্যালেঞ্জ করছে।
তদন্তের ফলাফল শিশুদের নিরাপত্তা এবং ডিজিটাল তথ্য সুরক্ষার ওপর বিশ্বব্যাপী মনোযোগ আরো বাড়িয়েছে। এই ঘটনা প্রমাণ করছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার গুরুত্বরত দায়িত্ব রয়েছে।










