স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বাজারে এরই মধ্যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে শীর্ষ স্থানে রয়েছে গুগল। তবে ল্যাপটপ ও পারসোনাল কম্পিউটারের ক্ষেত্রে কোম্পানির ক্রোম ওএস তেমন সফল হতে পারেনি। এবার গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো জানিয়েছেন, শিগগিরই পিসিতেও আনা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। খবর ইন্ডিয়া টুডে।
স্ন্যাপড্রাগন সামিটে সম্প্রতি কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন গুগলের রিক অস্টারলো। তিনি জানান, এতদিন গুগল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আর কম্পিউটারে ক্রোম ওএস ব্যবহার করেছে। তবে এবার নতুন এক প্রকল্পে একসঙ্গে কাজ করছে গুগল ও কোয়ালকম।
রিক অস্টারলো বলেন, ‘আমরা এ দুই প্লাটফর্মকে একত্র করার কাজ শুরু করেছি। আলাদা অপারেটিং সিস্টেম না রেখে একটি অভিন্ন প্রযুক্তিগত প্লাটফর্ম বানাতে চাইছি।’
প্রতিবেদনে বলা হয়েছ, এ বিষয়ে আলোচনার শুরুতে তিনি সরাসরি অ্যান্ড্রয়েডের নাম নেননি। তবে পরে অস্টারলো স্পষ্ট করে বলেন, ‘অ্যান্ড্রয়েড এখন সব ধরনের কম্পিউটিং ডিভাইসে কাজ করবে।’ অর্থাৎ এ প্রকল্পের মাধ্যমে ল্যাপটপেও আনুষ্ঠানিকভাবে আসছে অ্যান্ড্রয়েড।
কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন বলেন, ‘এ উদ্যোগ মোবাইল ও পিসিকে একসঙ্গে আনার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।’
কোয়ালকম প্রধানকে নিয়ে একসঙ্গে ঘোষণা দেয়ায় বিশ্লেষকরা ধারণা করছেন, গুগলের নতুন অ্যান্ড্রয়েড পিসিগুলোয় কোয়ালকমের তৈরি চিপসেট ব্যবহার করা হবে। এছাড়া এতে থাকছে জেমিনি এআই।
গুগল এখনো নিশ্চিত করেনি, কবে প্রথম অ্যান্ড্রয়েড চালিত পিসি বাজারে আসবে।










