দেশের বাজারে বিশ্বের সবচেয়ে সরু ১৩ দশমিক ৩ ইঞ্চির নতুন জেনবুক এস১৩ ওএলইডি (ইউএক্স৫৩০৪) ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। এস১৩ ওএলইডি জেনবুকটি পরিবেশবান্ধব। এতে রয়েছে ব্র্যান্ডের আল্ট্রাপোর্টেবল ডিজাইন, ডিউরেবিলিটি যা অন-দ্য-গো পারফরম্যান্সকে নিয়ে যাবে নতুন মাত্রায়।  

আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল ফুয়াদ বলেন, ‘আসুস সবসময় উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে। জেনবুক এস১৩ ওএলইডি বিশ্বের সবচেয়ে হালকা ১৩ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি আল্ট্রাপোর্টেবল ল্যাপটপ, যা গ্রাহকের দৈনন্দিন চলাচলে ল্যাপটপ ব্যবহারের ধারণায় নিয়ে আসবে আমূল পরিবর্তন।’ 

আসুস জেনবুক এস১৩ ওএলইডিতে রয়েছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। এটি সাপোর্ট করে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম। পাশাপাশি এতে আল্ট্রা ফাস্ট ফিচারের সঙ্গে রয়েছে ১ টেরাবাইট এসএসডি। ৬৩ ওয়াটের ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেবে। ল্যাপটপটি সর্বোচ্চ কর্মক্ষমতা, কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি এর পোর্টেবিলিটি এবং ডিজাইনের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে। জেনবুক এস১৩ ওএলইডি ল্যাপটপটিকে সুপার-স্লিম এবং সুপার-লাইট ডিজাইনে তৈরি করা হয়েছে, যা প্রোফাইলে ১ সেন্টিমিটার এবং ওজনে মাত্র এক কেজি। ওজনে এত হালকা হওয়া সত্ত্বেও ল্যাপটপটিতে রয়েছে মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, যা গ্রাহককে দেয় অধিক টেকসইয়ের নিশ্চয়তা। 

আসুস এস১৩ ল্যাপটপটির লিড এবং নিচের অংশ আগের প্রজন্মের তুলনায় পাতলা। এর ডিসপ্লেকে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়, ফলে ব্যবহারকারী স্বাভাবিকের চেয়ে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ কাজ করতে পারবেন। আসুস এ মডেলের জন্য বেশকিছু উন্নত প্রযুক্তি এবং ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, যা এর পারফরম্যান্সের সামঞ্জস্যতার সঙ্গে সঙ্গে ল্যাপটপটির সব ফিচারেরই কার্যকারিতা বজায় রাখে। 

স্থায়িত্বের দিক বিবেচনা করলে, আসুস একটি পরিবেশবান্ধব ল্যাপটপ নিয়ে এসেছে। কারণ ল্যাপটপটিতে র-ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে রিসাইকেলযোগ্য মেটাল এবং প্লাস্টিক। আসুস জেনবুক এস১৩ ওএলইডি ল্যাপটপটি পাওয়া যাচ্ছে বাসল্ট গ্রে কালারে। বাংলাদেশের বাজারে ল্যাপটপটির দাম ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।