অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’ আগেই চালু করেছিল গুগল। তবে শুরুর দিকে শুধু প্রিমিয়াম কিছু স্মার্টফোনে এ ফিচারটি চালু করা হয়। ফিচারটি এবার আরো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আনতে যাচ্ছে গুগল। খবর ইন্ডিয়া টুডে।
গুগলের তথ্যানুযায়ী, ‘সার্কেল টু সার্চ’ একটি এআইনির্ভর প্রযুক্তি। এটি স্মার্টফোনের যেকোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল করে হাইলাইট করলেই স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের রেজাল্ট দেখাতে পারে।
ফিচারটি প্রাথমিকভাবে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজের মাধ্যমে চালু করা হয়েছিল। চলতি সপ্তাহে ‘সার্কেল টু সার্চ’ ফিচার আরো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে বলে জানিয়েছে গুগল। যার মধ্যে রয়েছে পিক্সেল ৬, পিক্সেল ৬ প্রো, পিক্সেল ৬এ, পিক্সেল ৭এ লাইনআপের ফোন।










