ইউরোপের প্রথম হিসেবে জার্মানিতে কারখানা স্থাপনে নতুন বিনিয়োগ পরিকল্পনার অনুমোদন দিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) বোর্ড। কারখানাটি স্থাপনে ৩৫০ কোটি ইউরো বা ৩৮০ কোটি ডলার ব্যয় হবে। খবর রয়টার্স।

ড্রেসডেনে ফ্যাব্রিকেশন প্লান্ট বা ফ্যাব স্থাপনের জন্য জার্মানির স্যাক্সোনি প্রদেশের সঙ্গে ২০২১ সাল থেকে আলোচনা করে আসছে টিএসএমসি। এর নির্মাণকাজ শেষ হলে তাইওয়ান ও চীনের বাইরে টিএসএমসির তৃতীয় কারখানা হবে এটি। অভ্যন্তরীণ পর্যায়ে সেমিকন্ডাক্টর উৎপাদনে উদ্যোগ নিয়েছে বার্লিন। এছাড়া বৈশ্বিক পর্যায়ে গাড়ির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যও রয়েছে দেশটির। বিশ্লেষকদের মতে, কারখানা স্থাপনের মাধ্যমে এসব লক্ষ্য পূরণে এক ধাপ এগোবে দেশটি।

বোর্ড মিটিং শেষে এক বিস্তারিত বিবৃতিতে কোম্পানিটি জানায়, এটি একটি সহায়ক প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩০০ কোটি ইউরো বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এটি হলো ইউরোপিয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (ইএসএমসি)। ফাউন্ড্রি সার্ভিস দেয়ার ক্ষেত্রে ৭০ শতাংশ মালিকানা এ কোম্পানির কাছে থাকবে।

অন্যদিকে, জার্মানিতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনকারী বোস, সেমিকন্ডাক্টর উৎপাদনকারী ইনফিনিয়ন ও নেদারল্যান্ডসের এনএক্সপির হিস্যা থাকবে ১০ শতাংশ করে। এ কারখানায় প্রতি মাসে ৩০০ মিলিমিটারের ৪০ হাজার ওয়াফার তৈরি করা হবে। ২০২৭ সাল নাগাদ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে ধারণা।

অন্যদিকে, এশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ৪ হাজার ৩০০ কোটি ইউরোর চিপস অ্যাক্টের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে চিপ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করা।