একটি যুগের সমাপ্তি ঘটাতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। গত সপ্তাহে চলতি বছরের নতুন পণ্য আইফোন ১৬ই উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর পর আইফোন ১৪ ও আইফোন এসই ৩ বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়। আইফোনের জন্য অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত লাইটনিং পোর্টযুক্ত এ দুটিই সর্বশেষ স্মার্টফোন। অর্থাৎ এখন থেকে আইফোনের সব নতুন মডেলের স্মার্টফোনে থাকবে শুধুই ইউএসবি-সি পোর্ট। এদিকে আইফোন এসই ৩ হচ্ছে ফিজিক্যাল হোম বাটনযুক্ত সর্বশেষ ফোন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন বলছে, অ্যাপল খুব সম্ভবত আইফোন ১৪ ও আইফোন এসই ৩-এর উৎপাদন বন্ধ করে দিয়েছে। তবে এখনো তৃতীয় পক্ষের স্টোর ও ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর অর্থ- শিগগিরই ফোন দুটি বিশ্বব্যাপী স্টোর থেকে হারিয়ে যাবে।
অ্যাপল ফোন দুটির উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিলেও বিক্রয়োত্তর সেবা চালিয়ে যাবে। অন্তত দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ওএস আপডেট পাওয়া যাবে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। ফলে বর্তমান ব্যবহারকারীরা কোনো প্রকার চিন্তা ছাড়াই আইফোন ১৪ ও আইফোন এসই ৩ ব্যবহার অব্যাহত রাখতে পারবেন।
এ পর্যন্ত এসই সিরিজে তিনটি মডেল উন্মুক্ত করা হয়েছে। আইফোন ৫এস থেকে অনুপ্রাণিত হয়ে আইফোন ৬এস ও ৬এস প্লাসের সাশ্রয়ী বিকল্প হিসেবে ২০১৬ সালে বাজারে আসে আইফোন এসই। চার বছর পর আইফোন ৮-এর ওপর ভিত্তি করে উন্মুক্ত হয় আইফোন এসই ২। ২০২২ সালে ডিজাইনে কোনো পরিবর্তন আনা না হলেও উন্মুক্ত করা হয় সাশ্রয়ী দামের ফাইভ-জি সমর্থিত আইফোন এসই ৩।
ডিজাইন বিবেচনায় আইফোন ১৪ ও আইফোন এসই ৩-এর বিকল্প বলা যেতে পারে আইফোন ১৬ই। কারণ ফোনটির সামনের অংশ দেখতে আইফোন ১৪-এর মতো। অন্যদিকে একটি ক্যামেরা থাকায় পেছনের অংশ দেখতে অনেকটাই আইফোন এসই ৩-এর মতো।










