বিশ্বের সবচেয়ে হালকা ও সরু ফোন হিসেবে পরিচিতি পেয়েছে অনর ম্যাজিক ভি৫। ফোল্ডেবল ফোনটি সপ্তাহখানেকের মধ্যে বিশ্ববাজারে আসতে চলেছে। কোম্পানিটি জানিয়েছে, ১৫ জুলাই মালয়েশিয়ায় অনরের নতুন এ আকর্ষণ উন্মোচন হবে। খবর গিজমোচায়না।
চলতি মাসের শুরুতে চীনে অনর ম্যাজিক ভি৫ উন্মোচনের পর থেকে বাজারে বেশ উত্তেজনা তোলে। এবার মালয়েশিয়া থেকে ফোনটির বৈশ্বিক যাত্রার সূচনা হচ্ছে।
অনর মালয়েশিয়া আনুষ্ঠানিক বিবৃতিতে উন্মোচনের ঘোষণার পাশাপাশি জানিয়েছে, নতুন হ্যান্ডসেটটির ব্যাটারি, ক্যামেরা কিংবা স্থায়িত্ব কোনো ক্ষেত্রেই তারা আপস করবে না।
চীনে ফোনটি দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে এসেছে—৫ হাজার ৮২০ এমএএইচ ও ৬ হাজার ১০০ এমএএইচ। তবে চীনের বাইরে কেবল ৫ হাজার ৮২০ এমএএইচ সংস্করণটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
ফোনটিতে রয়েছে একটি ৭ দশমিক ৯৫ ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ও একটি ৬ দশমিক ৪৩ ইঞ্চি এলটিপিও ওলেড কভার স্ক্রিন। ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ।
ফ্রন্ট কভার ও ইনার স্ক্রিনে উভয় জায়গায়ই রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে রয়েছে ওআইএসসহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, অটোফোকাসসহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ওআইএসসহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, ৬৬ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি (জেন ৩.১), আইআর ব্লাস্টার, এর পুরুত্ব মাত্র ৮.৮ মিমি ও ওজন ২১৭ গ্রাম।
অনর ম্যাজিক ভি৫ মালয়েশিয়ায় অপো ফাইন্ড এন৫, ভিভো এক্স ফোল্ড ৫ ও গ্যালাক্সি জেড ফ্লোড ৭-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এর মধ্যে অপোর ফোনটি বাজারে এসেছে। অন্যদিকে ভিভো ও স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনও শিগগির মালয়েশিয়ায় উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।










